উৎপল মজুমদার: মালদহ
হবিবপুর বিধানসভা কেন্দ্রের কানতুর্কা অঞ্চলের লক্ষ্মীপুর বুথে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে লক্ষ্য জানালেন বামফ্রন্ট প্রার্থী। মালদহের এই কেন্দ্রে গ্রামে গ্রামে এমন বৈঠকী সভায় দল বেঁধে আসছেন গ্রামবাসীরা।
হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী শিক্ষক বাসুদেব মুর্মু। গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করলেন তিনি। সমস্যা সমাধানের পথ কী, তা নিয়েও মুখ খুললেন বাসিন্দারা। প্রার্থীর সঙ্গে ছিলেন ব্লক কৃষক সভার সভাপতি সুনীল বর্মন, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা যুব নেতা প্রদ্যুৎ বর্মন ও রাজীব সরকার প্রমুখ।
শুক্রবার ইংরেজবাজার বিধানসভায় ঘনবসতির ২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে যান বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী অম্বর মিত্র। মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। বাসিন্দারা এলাকার পরিবেশজনিত সমস্যার কথা তুলে ধরেন।
এলাকার মানুষ জানান নিয়ম বহির্ভূতভাবে একটি পোল্ট্রি ফার্ম গড়ে চলছে। পৌর প্রশাসনের মদত রয়েছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধু ২ নম্বর ওয়ার্ড নয়। সংলগ্ন ৩, ৪, ৫, ৭, ও ৮ নম্বর ওয়ার্ড এলাকায় মানুষও এই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছন। এলাকার মানুষ এ-ও বলেন প্রার্থীকে যে তাঁরা এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছেন যে দরজা, জানালা বন্ধ করেও থাকতে পারছেন না। শিশু সহ সাধারণ নাগরিকদের নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে।
এদিন এই প্রচারে প্রার্থী ছাড়াও ছিলেন বিপ্লব দাস, অনুপম গুন, লিলি বিশ্বাস, মলয় রায়চৌধুরী ও অন্যান্য পার্টি নেতা,সদস্য, কর্মী ও সমর্থকরা।
Comments :0