ফের অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা উড়িয়ে দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু ট্রাইবুনালে ভোটের আগে সব আবেদনের নিষ্পত্তি নিশ্চিত করার কথাও বলেনি সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এদিন শুনানিতে রিপোর্ট জমা দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই রিপোর্টে বলা হয়েছে ট্রাইবুনালে ১১ এপ্রিল পর্যন্ত জমা পড়েছে ৩৪ লক্ষ আবেদন।
এই সময়ই আবেদনে বলা হয় যে ১৯টি আপিল ট্রাইবুনাল সব আবেদন এত কম সময়ে বিবেচনা করে উঠতে পারবে না। ফলে ট্রাইবুনালে আবেদনকারীদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক।
আইন বিষয়ক ওয়েবসাইট ‘লাইভ ল’ জানাচ্ছে যে তখনই প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আবেদনকারী হলে ভোটদানের প্রশ্ন আসছে কিভাবে? যাঁরা বৈধ হিসেবে অনুমতি পেয়েছে তা’হলে তাঁদের ভোটদান স্থগিত করতে হয়।’’
তবে বিচারপতি জয়মাল্য বাগচী শুনানিতে মন্তব্য করেছেন যে যাঁদের নাম ৯ এপ্রিলের মধ্যে বিবেচিত হয়েছে তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, প্রথম পর্বের ভোটে, ২৩ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ এপ্রিল। দ্বিতীয় পর্বে, ২৯ এপ্রিল ভোটে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। মনোনয়ন জমা পড়ার শেষ দিন ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়। যার ভিত্তিতে ভোট নেওয়া হয়।
বিচারপতি বাগচী বলেছেন, ‘‘১২৩টি বিধানসভার মনোনয়নের শেষ দিন ছিল ৬ এপ্রিল। ৬ এপ্রিল রাতে তালিকা প্রকাশিত হয়। কিছু নাম বাইরে থাকতে পারে। ২৩ এপ্রিলের ভোটার তালিকায় সেই নাম রাখা যাবে।’’
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিক্ষোভ তীব্র। প্রক্রিয়ার পদ্ধতি নিয়েই অস্বচ্ছতার ভুরি ভুরি অভিযোগ। প্রথম দফায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয় অনুপস্থিত, মৃত এবং স্থানান্তরিত চিহ্নিত হওয়ায়। ২০০২ সালের ভোটার তালিকায় এরপর শুরু হয় ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’ খোঁজা। আরও প্রায় ৬ লক্ষ নাম বাদ দেওয়া হয়। ৬০ লক্ষের বেশি নাম ‘বিবেচনাধীন’ রাখা হয়।
এরপর অতিরিক্ত তালিকা প্রকাশিত হতে থাকে দফায় দফায়। তালিকা ফ্রিজ হওয়ার পর জানা যায় ২৭ লক্ষ নাম বাদ। সব মিলিয়ে ৯১ লক্ষ নাম বাদ পড়েছে রাজ্যের এসআইআর প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশেই ১৯টি আপিল ট্রাইবুনাল গড়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি কাজ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মৌখিক মন্তব্য করলেও স্পষ্ট নির্দেশ দেননি।
SIR Supreme Court
ট্রাইব্যুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন? স্পষ্ট করল না সুপ্রিম কোর্ট
×
Comments :0