ফের রক্ত ঝরল এশিয়ান হাইওয়ে ৪৮-এ। শনিবার সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে ঘাতক লরির ধাক্কায় গুরুতর জখম হলেন বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানের তিন শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ট্রাফিক পুলিশ ও ব্যারিকেডের দাবিতে প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ শ্রমিকরা।
দুর্ঘটনার খবর বাগানে পৌঁছাতেই শয়ে শয়ে শ্রমিক কাজ ফেলে রাস্তায় নেমে আসেন। তাঁদের অভিযোগ, এই এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের হেলদোল নেই। উত্তেজিত শ্রমিকরা এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাস্তার দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আটকে পড়ে বহু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাঁদের স্পষ্ট দাবি— অবিলম্বে ওই এলাকায় স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে এবং গতিরোধক ব্যারিয়ার বসাতে হবে। বেশ কিছুক্ষণ উত্তেজনার পর পুলিশের পক্ষ থেকে দাবি পূরণের লিখিত আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ ওঠে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশি টহল চলছে।
Banarhat Accident
গয়েরকাটায় লরির ধাক্কায় জখম ৩ চা শ্রমিক, পথ অবরোধ
×
Comments :0