Chandannagar Corporation

মেয়র সহ চন্দননগর কর্পোরেশনে তৃণমূল ৩০ কাউন্সিলরের পদত্যাগ

জেলা

সংবাদমাধ্যমকে পদত্যাগপত্র দেখাচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা।

বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। চন্দননগরেও হার হয়েছে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের।
সেই পরাজয়ে টালমাটাল অবস্থা হয়েছে কর্পোরেশনের।
৩৩ ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর কর্পোরেশনে ৩১ জন তৃনমূল কাউন্সিলর ছিলেন। ২ জন সিপিআইএম’র।
শুক্রবার সকালে পাঁচ কাউন্সিলর পদত্যাগ করেন। আর রাতে তৃণমূলের আরও ২৫ কাউন্সিলর পদত্যাগ পত্র দেন কর্পোরেশনের চেয়ারপার্সন স্নিগ্ধা রায়ের কাছে। 
মেল মারফত পদত্যাগ পত্র কর্পোরেশনের কমিশনারকেও পাঠিয়ে দেন কাউন্সিলররা।
নিয়ম অনুযায়ী চেয়ারপার্সন পদত্যাগ পত্র কর্পোরেশনের কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার কথা।
পদত্যাগ পত্র পাঠিয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, বিধানসভা নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে। মানুষের রায় মাথা পেতে নিয়েছি। তারপরও ভেবেছিলাম পৌর নিগমের পরিষেবা চালিয়ে যেতে পারব। কিন্তু পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে নির্দেশ দেওয়া হল পৌরসভার খরচের অডিট হবে। অর্থনৈতিক স্বাধীনতাও থাকল না। সামান্য চায়ের খরচ, গাড়ির তেলের খরচ, সেগুলিও আমরা পাচ্ছিলাম না।’’
তিনি বলেছেন, ‘‘নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মনে করে কয়েকদিন অপেক্ষার পর আমরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। যদি কোন কাজই না করতে পারি তাহলে চেয়ার আগলে বসে থাকার কোনও মানে হয় না। নাগরিকদের কাছে আমাদের জবাব দিতে হবে। তাই এই সিদ্ধান্ত। আমাদের পদত্যাগ করার জন্য কেউ জোর করেনি।’’ মেয়র বলেন, ‘‘নতুন সরকার তৈরি হয়েছে আশা করি তারা মানুষের পরিষেবার দিকে নজর দেবেন। চন্দননগর খুব সুন্দর একটি শহর। এই শহরকে রক্ষা করতে হবে সবাই মিলে। নির্বাচনে জয় পরাজয় থাকবে।‘‘
চন্দনগর কর্পোরেশনের বাকি এক তৃণমূল কাউন্সিলর যদিও এ দিন পদত্যাগ করেননি।
পদত্যাগ করেননি সিপিআই(এম)‘র দুই কাউন্সিলর।

Comments :0

Login to leave a comment