ভেনুজুয়েলা কলম্বিয়ার পর এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কাছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস'র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপটির উত্তর উপকূল থেকে প্রায় ৬৮ কিলোমিটার (৪২ মাইল) উত্তর-পশ্চিমে, এনডে শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। ভেঙে পড়ে একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত কমপক্ষে দু’হাজার বাড়ি। ধ্বংসস্তূপে বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনযায়ী, ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পটি হয় স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে।
৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রায় পরপর ভূমিকম্প অনুভূত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান এদিন সংবাদ মাধ্যমকে জানান, ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। যদিও প্রশাসনের তরফে এখনও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি।
Comments :0