নেপালে হড়পা বানে নিখোঁজ ৪০০ জনের মধ্যে রয়েছেন অন্তত ১৩৩ ভারতীয়। বুধবার সন্ধ্যায় নেপালের প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা অন্তত ৪৬।
নেপালের উত্তরে তিব্বত লাগোয়া রাসউয়া জেলায় এদিন সকালেই নামে হড়পা বান। বিপর্যয়ের জেরে বিহারেও সতর্কতা জারি হয়েছে। নেপাল লাগোয়া ভারতের এই রাজ্যে একাধিক নদী প্রবাহিত হয় নেপাল থেকে।
নেপালের সংবাদমাধ্যম জানাচ্ছে যে সকাল ৯টা নাগাদ তিব্বত থেকে প্রবাহিত ভোট কোশির জল হুহু করে বাড়তে থাকে। তিমুর এবং সিয়াপ্রু বেসি এলাকা ভেসে যেতে থাকে।
চীনের ‘শিনহুয়া’ জানিয়েছে তিব্বতেও কিছু অংশ ভেসেছে কাদাগোলা জলে। পাকা বাড়িও ভেঙে পড়েছে। ভেসে গিয়েছে যানবাহনও। বহু জায়গায় বসতি এলাকা থেকে মানুষ নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দ্রুত বেড়ে যাওয়া জলস্তর ভাসিয়ে নিয়ে যায় অনেককে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে ৪.৪ মাত্রার ভূকম্প থেকে বিপর্যয়ের শুরু। প্রায় সাত মিনিট চলে কম্পন। এরপর একাধিক নদীর জলস্তর ধেয়ে আসে বসতি এলাকায়।
বিহার সরকারের মুখসচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন যে নেপাল লাগোয়া জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে। গণ্ডক এবং কোশি নদীর জলধারা বয়ে গিয়েছে এমন সব এলাকায় সবচেয়ে সতর্কতা জারি করা হয়েছে।
Nepal Flash Flood Indians
নেপালে হড়পা বানে ১৩৩ ভারতীয়-সহ নিখোঁজ অন্তত ৪০০
×
Comments :0