মনিরুল হক: হাওড়া
একটি মৃতদেহের ছবি দেখে মেয়েকে মৃত বলে মেনে নিয়েছিল পরিবার। পুলিশের কাছ থেকে পেয়েছিল মৃত্যুর শংসাপত্র, ময়নাতদন্তের রিপোর্ট, এমনকী দেহ দাহ করার তথ্যও। সব শেষ ভেবে মেয়ের মৃত্যুশোক বুকে নিয়েই কেটে গিয়েছে ন'টা বছর। কিন্তু যাকে মৃত ভেবে এতদিন শোক করে এসেছে পরিবার, সেই মেয়েই দিব্যি বেঁচে রয়েছে। শুধু তাই নয়, দীর্ঘ ন'বছর পর আবার পরিবারের কাছে ফিরে আসতে চলেছে সে। একটি আধার কার্ডই খুলে দিল হারিয়ে যাওয়া মেয়ের পরিচয়ের দরজা। আর সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের ফুলসরী মাহাতোকে ফিরে পেল তাঁর পরিবার।
ঘটনাটি হাওড়ার জয়পুর থানার বাকসীর চিরনবীন হোমের। ফুলসরী মাহাতোর বয়স এখন ২৫ বছর। বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার ঘাড়সাওয়ান থানার বুরুডিহির মহালশাই এলাকায়। হোম সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ৮ নভেম্বর হাওড়া স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাঁকে। রেল পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তাঁকে চিরনবীন হোমে পাঠানো হয়। বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। তারপর থেকে দীর্ঘদিন এই হোমই হয়ে ওঠে তাঁর ঠিকানা। তবে পরিচয় জানা না গেলেও থেমে থাকেনি তাঁর জীবন। ভোকেশনাল ট্রেনিংয়ের পাশাপাশি নাচ ও ছবি আঁকাতেও পারদর্শিতা অর্জন করেন। এভাবেই কেটে যায় দীর্ঘ ন'বছর।
এরপর সম্প্রতি আধার কার্ড তৈরির জন্য তাঁকে অঙ্কুরহাটির একটি আধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ঘটে যায় কার্যত অবিশ্বাস্য ঘটনা। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কম্পিউটারের পর্দায় ভেসে ওঠে তাঁর আধার সংক্রান্ত তথ্য ও ঠিকানা। সেই সূত্র ধরেই নতুন করে আশার আলো দেখতে পান হোম কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় ঝাড়খণ্ডের ঘাড়সাওয়ান থানার পুলিশের সঙ্গে। পুলিশও ওই ঠিকানার সত্যতা যাচাই করে পরিবারের সন্ধান দেয়। এরপর ফুলসরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন হোম কর্তৃপক্ষ।
ভিডিও কলের মাধ্যমে মা প্রেমী মাহাতো ও দাদা রোহিত মাহাতোর সামনে হাজির করা হয় তাঁদের হারিয়ে যাওয়া মেয়েকে। পর্দার ওপারে মাকে দেখে চিনতে পারেন ফুলসরী। মেয়েকে দেখে চিনতে পারেন মা ও দাদাও। দীর্ঘ ন'বছরের অপেক্ষা, অনিশ্চয়তা আর শোক মুহূর্তে বদলে যায় আনন্দাশ্রুতে। যে মেয়েকে মৃত বলে মেনে নিয়েছিলেন, তাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারেননি পরিবারের সদস্যরা।
দাদা রোহিত মাহাতো জানান, ফুলসরীর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে একদিন জানানো হয়, ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। এমনকী নদীতে ঝাঁপ দিয়েছেন বলেও খবর দেওয়া হয়। এর কিছুদিন পর বাঘমুন্ডি নদীতে একটি পচাগলা মৃতদেহ ভেসে ওঠে। সেই দেহের ছবি সংবাদপত্রে প্রকাশিত হলে পরিবারের সন্দেহ হয়, সেটি ফুলসরীর দেহ হতে পারে। এরপর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেহটি এক সপ্তাহ আগেই দাহ করা হয়েছে। মৃত্যুর শংসাপত্র, ময়নাতদন্তের রিপোর্ট-সহ প্রয়োজনীয় তথ্যও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর আর কোনও আশাই অবশিষ্ট ছিল না পরিবারের। মা বিশ্বাস করে নিয়েছিলেন, মেয়ে আর বেঁচে নেই। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও জেনে গিয়েছিলেন ফুলসরীর মৃত্যুর কথা। কিন্তু দাদা রোহিতের মন থেকে বোনকে ফিরে পাওয়ার আশা কোনওদিন মুছে যায়নি। তাঁর কথায়, ''আমার মন মানত না যে বোন মারা গিয়েছে। মনে হতো, ও বেঁচে আছে। একদিন না একদিন ওকে ফিরে পাব।''
সেই বিশ্বাসই যেন সত্যি হল ন'বছর পর। রোহিত আরও জানান, গত মার্চ মাসে তাঁদের বাবা মারা গিয়েছেন। এতদিন পর বোনকে ফিরে পাওয়ায় তাঁর মনে হচ্ছে, বোনের রূপেই যেন বাবাকে আবার ফিরে পেলেন।
চিরনবীন হোমের কর্তা তন্ময় সাউ জানিয়েছেন, ফুলসরীর পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভিডিও কলেও তাঁদের কথা হয়েছে। সোমবার পরিবারের সদস্যদের হোমে এসে ফুলসরীকে নিয়ে যাওয়ার কথা। তাঁর কথায় একটি সর্বহারা মেয়েকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে তাঁরাও অত্যন্ত আনন্দিত।
Missing Girl Recover
আধার কার্ডই সন্ধান দিল ৯ বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের
AI দ্বারা নির্মিত ছবি
×
Comments :0