CITU

শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিলের দাবিতে ১-৩ ডিসেম্বর সংসদ অভিযান, যোগ দেবেন বিপণনকর্মীরাও

জাতীয়

ডিসেম্বরের শুরুতে ১-৩ দিল্লিতে সমাবেশের ডাক দিয়েছে সিআইটিইউ। গোটা দেশ থেকে শ্রমিকরা সমাবেত হবে দিল্লিতে। এই সমাবেশে যোগ দেবে এফএমআরআই। দিল্লিতে দশ হাজারেরও বেশি সেলস প্রমোশন এমপ্লয়িজের সমাবেশকেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ২০২৬ সিআইটিইউ (CITU)-এর আহ্বানে সংসদ অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে সংগঠনটি। 
গত এক দশকেরও বেশি সময় ধরে এফএমআরআই কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। ২৯টি প্রচলিত শ্রম আইন বাতিল করে চারটি শ্রমকোড চালু করার সরকারি সিদ্ধান্তকে সংগঠন শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার ও সামাজিক সুরক্ষার উপর আঘাত বলে মনে করেন তারা। এফএমআরআই-এর মতে, এই শ্রমকোড শ্রমিকদের ধর্মঘটের অধিকার সংকুচিত করছে, চাকরির নিরাপত্তা দুর্বল করছে এবং নিয়োগকর্তা ও কর্পোরেট সংস্থাগুলির স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষত, সেলস প্রমোশন এমপ্লয়িজ (কন্ডিশনস অফ সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৬ বাতিল এবং স্থায়ী প্রকৃতির কাজেও Fixed Term Employment (FTE) চালুর ফলে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভসহ বিপণন কর্মীদের চাকরি ও পরিষেবার শর্ত আরও অনিশ্চিত হয়ে পড়ছে।
সংগঠনের অভিযোগ, নতুন শ্রমকোডের ফলে কর্মীদের ছুটির সুযোগসহ বিভিন্ন প্রচলিত পরিষেবাগত সুবিধা সংকুচিত হচ্ছে। অন্যদিকে, নির্দিষ্ট কর্মবিধির অভাবে কর্মীদের উপর অযৌক্তিক কাজের চাপ, অবাস্তব টার্গেট, ডিজিটাল নজরদারি এবং মানসিক ও শারীরিক চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কর্মক্ষেত্রে প্রবেশের অধিকারও বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে।
এফএমআরআই-এর চার দফা প্রধান দাবি হলো, সেলস প্রমোশন কর্মীদের অর্জিত অধিকার ও পরিষেবাগত সুযোগ-সুবিধা পুনরুদ্ধার এবং সংরক্ষণ করা। স্থায়ী প্রকৃতির কাজে Fixed Term Employment বন্ধ করা। সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কর্মবিধি (Statutory Working Rules) প্রণয়ন করা। কর্মক্ষেত্রে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের অবাধ ও আইনসম্মত কাজের অধিকার নিশ্চিত করা এবং GSR-843 (১৯৬৭)-এর নির্দেশিকা কার্যকর করা।
উল্লেখ্য, ২০১৭ সালের শিল্প-ত্রিপাক্ষিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কর্মবিধি প্রণয়নের দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকারের পক্ষ থেকে তা কার্যকর না হওয়ায় কর্মীদের উপর নিয়োগকর্তাদের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
অন্যদিকে, সিআইটিইউ-এর সাত দফা দাবির অন্যতম প্রধান দাবি হলো চারটি শ্রমকোড সম্পূর্ণ বাতিল করে শ্রম আইন ও শ্রমিকদের অর্জিত অধিকার সুরক্ষিত রাখা। ২০২৫ সালের ৯ জুলাই এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটসহ বিভিন্ন আন্দোলন ও বারবার প্রতিনিধিত্ব সত্ত্বেও কেন্দ্রীয় সরকার শ্রমিক সংগঠনগুলির দাবিকে উপেক্ষা করে চলেছে বলে এফএমআরআই-এর অভিযোগ।
এ প্রসঙ্গে WBMSRU-এর সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য্য বলেন, ‘বিপণনকর্মীরা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপ, অযৌক্তিক টার্গেট, ডিজিটাল নজরদারি এবং চাকরির অনিশ্চয়তার শিকার। শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার কোনওভাবেই কেড়ে নেওয়া যেতে পারে না। স্থায়ী কাজকে চুক্তিভিত্তিক করে কর্মীদের নিয়োগকর্তাদের ইচ্ছার উপর নির্ভরশীল করে তোলার নীতি আমরা মেনে নেব না। এই সংসদ অভিযান শুধু সেলস প্রমোশন কর্মীদের অধিকার রক্ষার লড়াই নয়, দেশের সমগ্র শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও জীবিকার সুরক্ষার লড়াই। তাই সমস্ত কর্মীকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতিকে পরাস্ত করতে হবে।’
তিনি আরও জানান, WBMSRU এই আন্দোলনকে সফল করতে রাজ্যজুড়ে কর্মীদের সংগঠিত করার পাশাপাশি বিভিন্ন সভা, প্রচার ও জনসংযোগ কর্মসূচি গ্রহণ করছে। শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে তিনি অভিমত প্রকাশ করেন।

Comments :0

Login to leave a comment