রাজ্যজুড়ে ঢাকঢোল পিটিয়ে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হচ্ছে। সরকারি প্রচারে বলা হচ্ছে, পশুপালকরা বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে যেতে পারবেন। কিন্তু বাস্তব ছবিটা একেবারেই উল্টো ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুরের নয় মাইলে। সেখানে থাকা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রটি গত ১৫ বছর ধরে তালাবন্ধ। ফলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বিস্তীর্ণ এলাকার পশুপালকদের প্রাণী বন্ধু বা প্রাণী মিত্রাদের উপর নির্ভর করতে হচ্ছে। অভিযোগ, সেই সুযোগে চড়া দামে চলছে চিকিৎসা ও ওষুধ বিক্রির কারবার।
স্থানীয়দের অভিযোগ, বাজারে যে ইঞ্জেকশনের দাম ২০০ টাকা, প্রাণী বন্ধু বা প্রাণী মিত্রারা তার জন্য নিচ্ছেন ৫০০ থেকে ৬০০ টাকা। শুধু ওষুধের দামই নয়, বাড়িতে ডেকে নিয়ে গেলে যাতায়াতের খরচও দিতে হচ্ছে। ফলে অসুস্থ গবাদি পশুর চিকিৎসা করাতে গিয়ে আর্থিক চাপ বাড়ছে গরিব পশুপালকদের।
নয় মাইলের বাসিন্দা কাজি নুর ইসলাম জানান, ১৯৯৯ সালে মকলেশ্বর রহমান পশু চিকিৎসা কেন্দ্রের ঘর তৈরির জন্য জমি দিয়েছিলেন। তারপর থেকে চিকিৎসা পরিষেবা বেশ ভালোই চলছিল।কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আজও খোলেনি।
তাঁর দাবি, এই এলাকার প্রায় ৯৯ শতাংশ মানুষই গবাদি পশু পালন করেন।কৃষিনির্ভর এই এলাকার বহু মানুষের কাছে গরু, ছাগল, ভেড়া পালন বিকল্প রোজগারের অন্যতম মাধ্যম। কিন্তু পশু অসুস্থ হলে এখন প্রাণী বন্ধু বা প্রাণী মিত্রাদের উপরেই ভরসা করতে হচ্ছে। গবাদি পশুর প্রজননের ইঞ্জেকশন থেকে শুরু করে অন্যান্য ওষুধ কিনতেও সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।সরকারি কেন্দ্রটি চালু থাকলে বিনামূল্যে চিকিৎসা পেতেন।
আরেক বাসিন্দা রনজিত কুমার দে জানান, যাঁদের সামর্থ্য আছে, তাঁরা প্রাণী বন্ধুর দ্বারস্থ হচ্ছেন। কিন্তু গরিব মানুষের অনেকেই বাধ্য হয়ে ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছেন, যাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাঁর অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে অনেক সময় গবাদি পশুর মৃত্যুও হচ্ছে। অবিলম্বে কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজাদ হোসেনের কথায়, শুধু শালকুমার গ্রাম পঞ্চায়েত নয়, ময়রাডাঙা এবং মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাংশের পশুপালকরাও আগে এই কেন্দ্রের উপর নির্ভর করতেন। কেন্দ্রটি বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েছেন।
বাস্তবে গ্রামীণ যে প্রাথমিক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলি ছিল, তার অধিকাংশই তৃণমূল জামানায় কার্যত উঠে গেছে। শুধুমাত্র ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো বর্তমানে চালু থাকলেও গ্রামীণ স্তরের প্রাথমিক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলির হাল বেহাল।
এই পরিস্থিতিকে সিপিআই(এম) গ্রামীণ জনজীবন ও জীবিকার উপর আঘাত বলে কটাক্ষ করেছে। স্থানীয় সিপিআই (এম) নেতা গোলাম মুস্তাফা বলেন, “গ্রামের গরিব ও প্রান্তিক মানুষের রুটিরুজির অন্যতম অবলম্বন গবাদি পশু পালন। কিন্তু ১৫ বছর ধরে নয় মাইলের পশু চিকিৎসা কেন্দ্রটি বন্ধ রেখে রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতি ও পশুপালকদের চরম বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে। একদিকে ‘প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ’-এর নামে লোকদেখানো প্রচার ও সরকারি অর্থের অপচয় চলছে, অন্যদিকে বাস্তবে চিকিৎসা ও ওষুধের অভাবে গবাদি পশু মারা যাচ্ছে এবং প্রাণী বন্ধু বা প্রাণী মিত্রাদের লুটপাট চলছে। অবিলম্বে পরিকাঠামো ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগ করে কেন্দ্রটি চালু করতে হবে, নইলে পশুপালকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এ বিষয়ে ফালাকাটা ব্লক প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে।তবে রাজ্যজুড়ে যখন দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচার চলছে,তখন নয় মাইলের বন্ধ সরকারি কেন্দ্রটি কবে চালু হবে,সেদিকেই তাকিয়ে এলাকার পশুপালকরা।
Veterinary Clinic
পশু চিকিৎসা কেন্দ্র তালাবন্ধ, চড়া দামে ওষুধ ও চিকিৎসার অভিযোগ ফালাকাটার নয় মাইলে
×
Comments :0