ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগ এবং দেশজুড়ে ছাত্র আন্দোলনের চাপে অবশেষে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও ত্রুটি যাচাইয়ের জন্য অনলাইন পোর্টাল চালু করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। মঙ্গলবার থেকে এই পোর্টাল চালু হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী মূল্যায়িত উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহ করেছেন, তারাই এই পোর্টালের মাধ্যমে উত্তরপত্রে ত্রুটি সংক্রান্ত অভিযোগ জানাতে এবং উত্তর পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। নির্ধারিত সময়সীমার পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, চলতি বছর সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। বহু ছাত্র-ছাত্রী অভিযোগ করেন, তাদের হাতে পৌঁছানো স্ক্যান করা উত্তরপত্রে অস্পষ্ট পাতা, উত্তর নেই, এমনকি অন্য পরীক্ষার্থীর উত্তরপত্রও দেখা গিয়েছে। অভিযোগ ওঠে প্রযুক্তিগত ত্রুটি, পেমেন্ট ব্যর্থতা এবং পোর্টালে প্রবেশ সংক্রান্ত নানা সমস্যারও।
এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়। এসএফআই সিবিএসই দপ্তরের সামনে বিক্ষোভ, স্মারকলিপি জমা এবং সামাজিক মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে পরীক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধানের দাবি তোলে। সংগঠনের অভিযোগ ছিল, ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এসএফআই-এর পাশাপাশি অভিভাবক সংগঠন ও ছাত্রদের একাংশও পুনর্মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ করার দাবিতে সরব হয়।
সিবিএসই জানিয়েছে, স্ক্যান কপিতে যদি কোনও পাতা অনুপস্থিত থাকে, অতিরিক্ত উত্তরপত্র যুক্ত না থাকে, মানচিত্র বা গ্রাফ মূল্যায়িত না হয়, পৃষ্ঠা ঝাপসা থাকে কিংবা ভুল প্রশ্নপত্র সেট অনুযায়ী মূল্যায়ন করা হয়ে থাকে, তাহলে পরীক্ষার্থীরা সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি উত্তরপত্রের ত্রুটি যাচাইয়ের জন্য ১০০ টাকা এবং প্রতিটি প্রশ্ন পুনর্মূল্যায়নের জন্য ২৫ টাকা ফি ধার্য করা হয়েছে। সমস্ত আবেদন এবং অর্থপ্রদান অনলাইনেই করতে হবে। ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
সিবিএসই আরও জানিয়েছে, আবেদনকারীদের আধার নম্বর ব্যবহার করে লগ-ইন করতে হবে। যেসব ছাত্র-ছাত্রীর আধার নেই, তারা অভিভাবক বা অভিভাবকের প্রতিনিধির আধার তথ্য ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, বোর্ড পূর্বে জানিয়েছিল ২৯ মে থেকে পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়ে পোর্টাল চালু না হওয়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে। অবশেষে ২ জুন পোর্টাল চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে পরীক্ষার্থীদের মধ্যে। তবে ছাত্র সংগঠনগুলির দাবি, শুধু পুনর্মূল্যায়নের সুযোগ দিলেই হবে না, গোটা ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখে ভবিষ্যতে যাতে এমন সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে।
CBSE
আন্দোলনের চাপে অবশেষে চালু সিবিএসই-র পুনর্মূল্যায়ন পোর্টাল
×
Comments :0