Kolkata Hotel Fire

আজই দেশে ফেরার কথা ছিল অগ্নিকান্ডে মৃত সাংবাদিকের পরিবারের

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় স্ত্রী সন্তান স্বশুরসহ নিহত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক দেবাশীষ দত্ত। বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক ছিলেন দেবাশীষ দত্ত(৪০)। অগ্নিকান্ডে নিহত হয়েছেন তাঁর স্ত্রী আফশানা শিম্মিন(২৮), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর মহম্মদ আকরাম আলী(৬৪)। চিকিৎসা শেষ করে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন সাংবাদিক দম্পতি। কিন্তু  বেঙ্গালুরু থেকে ফেরার পথে কলকাতায় তাঁদের জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে, তা কে জানত! মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের চারজনকে হারিয়ে কুষ্টিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে চলছে শোক। পরিবারের চার সদস্যের এমন আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।
বুধবার সকালে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছায়। খবরটি ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহত দেবাশীষ দত্ত পেশায় সাংবাদিক ছিলেন। তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট স্ত্রী আফশানা শিম্মিন, তিন বছরের ছেলে শর্ণশীষ ও শ্বশুর মহম্মদ আকরাম আলীকে নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু যান দেবাশীষ দত্ত। সেখানে চিকিৎসা শেষ করে মঙ্গলবার তারা কলকাতায় ফেরেন। এরপর হোটেলে ওঠেন। মঙ্গলবার রাতে হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলে থাকা কয়েকজন আটকা পড়েন। এর মধ্যেই প্রাণ হারান দেবাশীষ দত্তসহ তাঁর পরিবারের চার সদস্য। তাদের আজকেই বাংলাদেশে ফেরার কথা ছিল। সবচেয়ে নির্মম বাস্তবতা পরিবারের আট বছর বয়সী মেয়ে পাখি কুষ্টিয়ার বাড়িতেই ছিল। ফলে অগ্নিকাণ্ডের সময় সে বাবা, মা, ছোট ভাই ও দাদুর সঙ্গে ভারতে ছিল না। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মা, ছোট ভাই ও দাদুকে হারিয়ে তার পৃথিবী যেন একসঙ্গে শূন্য হয়ে গেল।
পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক ও একজন একজন শিলিগুড়ি এবং একজন ঝাড়খন্ডর বাসিন্দা ছিলেন। বাকিদুজনের পরিচয় এখনও জানা যায়নি। দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে নেমে আসে শোকের আবহ। সহকর্মীরা তাঁকে দায়িত্বশীল ও সক্রিয় সাংবাদিক হিসেবে স্মরণ করছেন। স্থানীয় সাংবাদিক, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment