BRICS Pezeshkian Delhi

‘ব্রিকস’ বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন ইরানের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর সঙ্গে মাসুদ পেজেশকিয়ান।

‘ব্রিকস’ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। 
সংবাদসংস্থা সূত্রের উল্লেখ করে জানিয়েছে যে বিকাশমান দেশগুলির জোটের এই বৈঠকে যোগ দিতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে ইরান। সেপ্টেম্বরে হওয়ার কথা ‘ব্রিকস’ শীর্ষ বৈঠক। 
‘ব্রিকস’ গোষ্ঠীতে ২০২৬’র সভাপতিত্ব করছে ভারত। দিল্লিতেই হচ্ছে গোষ্ঠীর ১৮দশ শীর্ষ বৈঠক। এই বৈঠকের বিষয় ‘সহযোগিতা, সমন্বয়, উদ্ভাবন এবং পুনরুত্থান’। 
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে প্রথম গড়ে ওঠে এই গোষ্ঠী। দেড় দশকের বেশি সময়ে একাধিক দেশ যুক্ত হয়েছে গোষ্ঠীতে। মিশর থেকে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব বা কিউবা, বলিভিয়া যুক্ত হয়েছে এই বহুপাক্ষিক গোষ্ঠীতে। একমেরু বিশ্বের বদলে বহুমেরুত্বের পক্ষে অবস্থান গোড়া থেকে ঘোষণা করে আসছে এই গোষ্ঠী। 
ইরানও ‘ব্রিকস’ গোষ্ঠীর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে। চলতি সপ্তাহেই ঘোষণা করেছে যে ব্রিকস-র নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে যোগ দিতে আগ্রহী। ২০২৪-এ ইরান ব্রিকস-র পূর্ণ সদস্যপদ পায়। 
ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি বারকয়েক বলেছেন যে পশ্চিম এশিয়ায় অস্থিরতা থামাতে ভারত বড় ভূমিকা নিতে পারে। ২০২৪-এ রাশিয়ার কাজানে ‘ব্রিকস’ শীর্ষ বৈঠকের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা বৈঠকও করেছিলেন পেজেশকিয়ান।
তবে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা বারবারই প্রশ্নের মুখে পড়েছে দেশের মধ্যে। প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলের নির্মম আক্রমণ থেকে চলতি বছরে ইরানের ওপর আমেরিকার যুদ্ধ চাপিয়ে দেওয়ার নিন্দা পর্যন্ত করেনি মোদী সরকার। ভারত ‘ব্রিকস‘ গোষ্ঠীর সভাপতিত্ব করলেও সদস্য দেশ ইরানের বিষয়কে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টাও দেখা যায়নি। 
তবে গত জুনেও আরাঘচি ভারতে এসে যোগ দেন ‘ব্রিকস’ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে।

Comments :0

Login to leave a comment