Left Parties seafarers

হরমুজ প্রণালিতে তিন নাবিককে হত্যা, দেশজুড়ে প্রতিবাদের ডাক পাঁচ বাম দলের

জাতীয়

হরমুজ প্রণালিতে তিন ভারতীয় নাবিককে হত্যার ঘটনায় আমেরিকার নৌবাহিনীর কড়া নিন্দা করল বামপন্থী পাঁচ দল। দেশবাসীকে আমেরিকার এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতি।
সিপিআই(এম), সিপিআই, সিপিআই-এমএল (লিবারেশন), ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি’র সাধারণ সম্পাদক, যথাক্রমে এম এ বেবি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, জি দেবরাজন এবং মনোজ ভট্টাচার্য সই করেছেন বিবৃতিতে। 
হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে আমেরিকার নৌবাহিনী। বিভিন্ন জাহাজেই ছিলেন ভারতীয় নাবিকরা। একটি হামলায় তিন নাবিকের মৃত্যু হয়। 
পাঁচ বাম দল বলেছে, তিনবার আক্রমণ হয়েছে ভারতীয় জাহাজের ওপর। আমেরিকার অবরোধ ভাঙলে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। আমেরিকার এই হামলা রাষ্ট্রসঙ্ঘের সনদ লঙ্ঘন করে চলছে। আন্তর্জাতিক জলভাগে সবার সমান অধিকারের বোঝাপড়াকেও অগ্রাহ্য করছে। বিশ্বে আধিপত্য কায়েম করতে গুন্ডাবাহিনীর মতো আচরণ করছে আমেরিকা। 
বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সরকার স্বাধীন বিদেশনীতি নিতে ব্যর্থ। আমেরিকা অনুগত থাকার নীতি নিয়ে চলছে। ভারতের দুর্বল অবস্থান এমনই যে আমেরিকাকে ক্ষমা চাইতে বাধ্য পর্যন্ত করতে পারছে না। 
বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং মধ্য প্রাচ্যে আমেরিকার হামলায় বিশ্ব অর্থনীতি বিরূপ প্রভাবের মুখে পড়েছে। জ্বালানির খরচ বাড়ছে, সারের অভাব দেখা দিয়েছে। উন্নয়নশীল বিশ্বে বড় দেশ হিসেবে ভারতের এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা করা উচিত ছিল। 
পাঁচ বাম দলের দাবি, নিহত নাবিকদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। জনতাকেও এই হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। 

Comments :0

Login to leave a comment