টানা রেকর্ড গড়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের চার মাস পরেই নীতিশ কুমার বৃহস্পতিবার রাজ্যসভার জন্য মনোনয়ন পত্র পেশ করলেন। ফলে তাঁর পরিবর্তে বিহারের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তাই নিয়ে পাটনার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এদিন পাটনা বিধানসভায় রাজ্যসভার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, এবং এনডিএ'র বেশ কয়েকজন নেতাও সেখানে নীতীশ কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিহারের জনগণকে দেওয়া এক বার্তায় নীতিশ কুমার তাঁর ভোটারদের তাদের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ভোটাররা তাঁকে বিশ্বাস করেছেন বলেই দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্যের সেবা করতে পেরেছেন।
তিনি একটি এক্স পোস্টে বলেন , " আমার সংসদীয় যাত্রার শুরু থেকেই, বিহার আইনসভার উভয় কক্ষ এবং সংসদের উভয় কক্ষের সদস্য হওয়ার ইচ্ছা আমার ছিল। সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখেই আমি এবারের নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাই।"
নীতিশ কুমার মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তাঁর জেডি(ইউ)’র শীর্ষ নেতারা গভীর রাতে একাধিক বৈঠক করেন। ওই রুদ্ধদ্বার বৈঠকই দলের বৃহত্তর কৌশল এবং বিহারে নতুন সরকার গঠনের সম্ভাব্য রূপরেখা নিয়ে জল্পনা বাড়িয়েছে।
নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা তা নিয়ে আলোচনা ছিলই। এবার নির্বাচনের আগে তাঁকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখাতে নারাজ ছিল বিজেপি। বরং, বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদে বসানোর স্পষ্ট মনোভাব দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনের সময় নীতীশের শারীরিক পরিস্থিতিও আলোচনায় চলে আসে। তবে নির্বাচনে প্রায় জোট শরিক বিজেপি’র সঙ্গে প্রায় সমানে সমানে পাল্লা দিয়েছেন আসনের সংখ্যায়।
বিহারে রাজ্যসভার পাঁচটি আসনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন।
নীতীশ কুমারের মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি কেবল সংসদীয় আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে না। বরং আগামী মাসগুলিতে বিহারের রাজনৈতিক সমীকরণ পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
জেডিইউ'র সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তত ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন না হওয়া পর্যন্ত নীতিশ কুমারই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
প্রশ্ন রয়েছে যে তার পর জনতা দল (ইউ)’র কাউকে কী মুখ্যমন্ত্রী পদে বসতে দেবে বিজেপি। নাকি দলের নেতা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রীকেই বসানো হবে সেই পদে।
Nitish files nomination for Rajya Sabha
রাজ্যসভার মনোনয়ন পত্র জমা নীতীশের, ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী কে? শুরু জল্পনা
×
Comments :0