Para Teacher Jalpaiguri

বেতন পাননি জলপাইগুড়ির পার্শ্ব শিক্ষকরা, স্মারকলিপি প্রকল্প আধিকারিককে

জেলা

জলপাইগুড়িতে জেলা প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি দিচ্ছেন পার্শ্ব শিক্ষকরা

দোল উৎসব পেরিয়ে গেলেও এখনও বেতন পাননি জলপাইগুড়ি জেলার প্রায় ১৫০০ পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা। মার্চ মাসের ৫ তারিখ পেরিয়ে যাওয়ায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক সঞ্জীব দাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমিতির জেলা সম্পাদক কমল বাড়ৈ জানান, স্বল্প বেতনে এমনিতেই সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তার উপর নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। তিনি বলেন, দোল ও রমজান উৎসবের সময়েও অনেক শিক্ষক-শিক্ষিকা তাঁদের সন্তানদের জন্য সামান্য উৎসবের সামগ্রী বা ভালো খাবার জোগাড় করতে পারেননি।
জানা গেছে, আগে সাধারণত মাসের শুরুতেই বা তারও আগে বেতন ঢুকে যেত। কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এখনও না পাওয়ায় জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত বেতন প্রদানের দাবিতেই জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রকল্প আধিকারিক সঞ্জীব দাস সংগঠনের প্রতিনিধিদের জানান, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে বেতন প্রদানে দেরি হয়েছে। বিষয়টি রাজ্য স্তরে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধান হবে বলেই তিনি আশ্বাস দেন।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক কমল বাড়ৈ, সভাপতি বিশ্বনাথ সাহা, গীতা রায়, সুস্মিতা গুহ ও খতিরুল ইসলাম, শ্রমিক নেতা কৃষ্ণ সেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। কমল বাড়ৈ জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

Comments :0

Login to leave a comment