Raghunathpur Movement to Save Hill

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও চলছে পাহাড় কাটা, কাল প্রতিবাদ মিছিল রঘুনাথপুরে

জেলা

জেসিবি নামিয়ে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বেড়োর চন্ডী পাহাড় কাটা চলছেই। ছবি: ভাস্কর দাশগুপ্ত

পনেরো দিনও হয়নি। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেছিলেন কোথাও কোন পাহাড় কাটা হবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বেড়োর চন্ডী পাহাড় কাটা চলছেই। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। সকাল বিকাল সবার চোখের সামনেই চলছে পাহাড় ধ্বংসের কাজ। 
আগামী রবিবার, ৪ অক্টোবর, ‘পাহাড় বাঁচাও কমিটি’-র উদ্যোগে এলাকা জুড়ে মিছিল করা হবে। যত দিন যাচ্ছে পাহাড় বাঁচাতে আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছেন এলাকার মানুষজন। সবারই বক্তব্য তৃণমূল সরকারের সময়েো যেমন কয়লা, পাথর, জঙ্গল, মাটি কোনও কিছুই সুরক্ষিত ছিল না। বিজেপি সরকারের সময়েও সেই একই চিত্র।
তৃণমূল সরকারের সময়ে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনকে ২০১৭ সালে বরাত দেওয়া হয়েছিল এই পাহাড় কেটে পাথর বার করার জন্য। রঘুনাথপুর এক নম্বর ব্লকের পশ্চিম বেরো জে এল নম্বর ১৯৪ থেকে ২০ একর জমিতে পাহাড় কেটে গ্রানাইড তোলার কাজ শুরু করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলে আসা এই পাহাড় কাটার বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন এলাকার মানুষজন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ পাহাড় কাটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। মাঝে ভাটা পড়লেও এই সরকার আসার পরে ফের শুরু হয়েছে পাহাড় কাটার কাজ। 
স্থানীয় মানুষজনের বক্তব্য, এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস। যেভাবে পাহাড় কাটা হচ্ছে তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বাধ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন- 'অপরূপ সুন্দর জঙ্গলমহল পাহাড় গাছ অরণ্য কোনোটাতেই হাত দেব না'। 
এই ঘোষণার পরেও মেশিন চালিয়ে চলছে পাহাড় কাটার কাজ।

Comments :0

Login to leave a comment