Left BJP

বাম বধের পাল্টা ব্যানারকে ঢাকলো শহর, মনে করানো হলো হিটলারের পরিনতি

রাজ্য কলকাতা

শনিবার সকালে সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মুজফফ্‌র আহমেদ ভবনের সামনে এজেসি বোস রোডে ‘বাম বধ’ ব্যানার লাগিয়েছিল বিজেপি। বেলা গড়াতে সেই ব্যানারের পাশে পড়লো পাল্টা ব্যানার। হিটলারের ছবি দেওয়া ব্যানারে লেখা, ‘বাম বধ ও বলেছিল। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি’। কে বা কারা এই পাল্টা ব্যানার লাগিয়েছে তা জানা যায়নি। তবে এই গোটা বিষয়টাকে কাউন্টার হিসাবে দেখছেন অনেকেই।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইতিহাসে অনেক লোক এসেছিল কমিউনিস্টদের বধ করতে। তারপর তারা নিজেরাই বধ হয়ে গিয়েছে।’
ক্ষমতায় আসার পর থেকেই বামপন্থীদের নিশানা করে চলেছে বিজেপি। বুক স্টল করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। পাল্টা বুক স্টল করা নিয়ে সুর চড়িয়েছে সিপিআই(এম) নেতৃত্ব। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘ওরা স্টল করতে দেবে না বলছে। উৎসবের অঙ্গ এই বুক স্টল। আরএসএস বিজেপি বইয়ের মর্ম বুঝবে না। গোটা রাজ্য জুড়েই আমাদের বুক স্টল হবে।’
এন্টালি বিধানসভা এলাকার কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির শারদীয়ার ব্যানারকে কেন্দ্র করে তৈরি হয় এই বিতর্ক। চলতি বছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি। এবারের উৎসবে তাদের মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘হিন্দু সনাতন রাষ্ট্র’ ভাবনাটি। বিভিন্ন সংবাদমাধ্যমে ওই পুজো কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের মণ্ডপ বা আশেপাশের এলাকায় কোনও অবস্থাতেই বাম শিবিরের লোকজনকে বইয়ের স্টল বসাতে দেওয়া হবে না। উদ্যোক্তাদের যুক্তি, অতীতে বিভিন্ন সময়ে বামপন্থীরা নাকি অবিরত হিন্দু ধর্মের ওপর আঘাত হেনেছে এবং বরাবরই হিন্দু-বিরোধী মনোভাব পোষণ করেছে। সেই ক্ষোভ থেকেই এবার তাঁদের স্লোগান বা মূল ভাবনা হয়ে উঠেছে, ‘বাম বধ’।

Comments :0

Login to leave a comment