মধ্য প্রাচ্যে সমানে বাড়তে থাকা সংকটের মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ভারতকে ‘ছাড়’ দেওয়ার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সেই বিষয়কে কেন্দ্র করেই কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
পাশাপাশি এদিন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে 'নিজের স্বার্থে আপস করা‘ মন্ত্রী বলেও কটাক্ষ করেছেন তিনি। উল্লেখ্য, কুখ্যাত এপস্টিন ফাইলস-এ মিলেছে এই মন্ত্রীর নামও।
এদিন বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেন, "প্রতিটি জাতির ভিত্তি হলো তার জ্বালানি নিরাপত্তা। সেখানে আমরা কার থেকে তেল কিনব, কার থেকে গ্যাস কিনব, আমরা আদতে রাশিয়ার থেকে তেল কিনবো কি কিনব না, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে কেন। আমাদের সঙ্গে বিভিন্ন তেল রপ্তানিকারী দেশের সম্পর্ক কেমন হবে তা ঠিক করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের মতো একটি দেশ কেন অন্য কোনও দেশকে, অন্য কোনও দেশের রাষ্ট্রপতিকে নিজের তেল কেনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেবে?"
রাহুল বলেন, "আমি এই ধাঁধার একটি সমাধান খুঁজে পেয়েছি। ধাঁধাটির সমাধান রয়েছে আপসের মধ্যে। আমাদের সঙ্গে এক মন্ত্রী বসে রয়েছেন, যিনি কিনা আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি সেই আপসই করেছেন।"
তেল কেনার নীতির ক্ষেত্রে ভারতের আপসের জন্য পুরীর জেফ্রি এপস্টাইনের সঙ্গে যোগসাজশের বিষয়টিকেই দায়ী করেছেন তিনি।
আপসমূলক মন্তব্যের জবাবে পুরী বলেন, "আধুনিক জ্বালানি ইতিহাসে বিশ্ব এমন মুহূর্তের মুখোমুখি আগে হয়নি। ভারতে অপরিশোধিত তেলের সরবরাহ সুরক্ষিত রয়েছে। সংকটের আগে, ভারতের প্রায় ৪৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে করা হতো। প্রধানমন্ত্রীর অসাধারণ কূটনৈতিক যোগাযোগ এবং সদিচ্ছার জন্য ভারত এই সময়ে বিঘ্নিত হরমুজ প্রণালীর বাইরে থেকে বেশি অপরিশোধিত তেল সরবরাহ নিশ্চিত করেছে।"
রাহুল গান্ধী লোকসভায় এপস্টাইনের বিষয়টি উল্লেখের পরপরই বিশৃঙ্খলা শুরু হয়।
Rahul Gandhi raises Epstein's name in Puri
মন্ত্রীর এপস্টাইন যোগ তুললেন রাহুল, শোরগোল লোকসভায়
×
Comments :0