SIR North Bengal

এসআইআর ইস্যুতে তোলপাড় কোচবিহার থেকে মালদা

জেলা

দিনহাটা শহরের মিছিল সিপিআই(এম)’র। ছবি- অমিত কুমার দেব।

অবিলম্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা, বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ভুলবশত বিচারাধীন তালিকায় রাখা হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করা, কোন বৈধ ভোটারের নাম কোন ভাবেই তালিকা থেকে বাদ না দেওয়া, আন্ডার অ্যাডজুডিকেশন দাগিয়ে ভোটার তালিকায় বড় অংশের ভোটারদের বিচারাধীন বা সন্দেহজনক রেখে নির্বাচন ঘোষণা না করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় মিছিল ও কোচবিহার ২নং ব্লকের বিডিওকে ডেপুটেশন দিলো সিপিআই(এম)। সংশ্লিষ্ট এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন দিনহাটা শহরেও মিছিল ও দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় সিপিআই(এম)’র পক্ষ থেকে।
এদিন পুন্ডিবাড়ি দপ্তর থেকে মিছিল শুরু হয়ে বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, বর্ষীয়ান নেতা সফিজ আহমেদ সহ পার্টি নেতা ধনেশ্বর রায়, কুলীন রায়, মনোজ সরকার প্রমূখ।
এদিন দিনহাটার প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে শেষ হয়। এখানে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা। নেতৃত্বে ছিলেন সিপিআই(এম) নেতা প্রবীর পাল,  বর্ষীয়ান নেতা দিলীপ সরকার, শুভ্রালোক দাস, মনোজ সরকার, এন্দাদুল হক, দেবেন বর্মন, সুজাতা চক্রবর্তী প্রমুখ। নেতৃত্বরা বলেন, বিজেপির প্রত্যক্ষ অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণে বহু সাধারণ মানুষ অযথা হয়রানির মুখোমুখি হচ্ছেন। প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া বা “বিচারাধীন” অবস্থায় রাখা গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় বহু স্থায়ী বাসিন্দা ও প্রকৃত ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। এর ফলে বহু সাধারণ মানুষ তাদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজন এই আন্দোলন কর্মসূচিতে শামিল হয়েছেন তারা বলে এদিন জানান সিপিআই(এম) নেতৃত্বরা।
কোচবিহার জেলার তুফানগঞ্জ ২নং ব্লকের শালবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি গ্রামে প্রায় ৯০০ বৈধ ভোটারের নাম আন্ডার জুডিকেশন বা বিবেচনাধীন, প্রায় দুই শতাধিক জীবিত ভোটারকে ডিলেটেড করে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। এভাবেই চরম হয়রানির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং সকল বৈধ ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার স্থানীয় নাগুরুরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে নাগুরুরহাট -তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এক চরম অনিশ্চিতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই মানুষেরা।

নাগুরুরহাট -তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভে সাধারণ মানুষ।
এসআইআরের নামে সাধারণ প্রান্তিক মানুষকে হেনস্থা ও হয়রানির প্রতিবাদে এদিন সিপিআই(এম) মালবাজার এরিয়া কমিটির ডাকে মালবাজার বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। শহরের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সীতারাম ভবনের সামনে থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। মিছিল শহরের ঘড়ি মোড়, স্টেশন রোড, সুভাষ মোড়, ১৭ নং জাতীয় সড়ক হয়ে মালবাজার বিডিও অফিসের সামনে এসে পৌছায়। বিডিও কার্যালয়ের সামনে মালবাজার থানার পুলিশ মিছিল আটকে দেন। সেখানেই বিক্ষোভরত হন সিপিআই(এম) কর্মী সমর্থকেরা। অনুষ্ঠিত হয় বিক্ষোভ পথসভা। এসআইআরের নামে সাধারণ প্রান্তিক স্তরের মানুষের হয়রানির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
এদিন গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে উঠল ধূপগুড়িও। সাধারণ মানুষের বঞ্চনার প্রতিবাদে ধূপগুড়ি বিডিও অফিসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআই(এম)। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ প্রাণগোপাল ভাওয়াল, মমতা রায় ও নূর আলম। ছিলেন বর্ষীয়ান নেতা সুভাষ রায়, মানিক চক্রবর্তী প্রমুখ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাণগোপাল ভাওয়াল বলেন, “ধূপগুড়ির অসংখ্য সাধারণ মানুষ আজ এসআইআররের জাঁতাকলে পিষ্ট। মানুষ তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের কানে এই বঞ্চনার কথা পৌঁছে দিতেই আমাদের আজকের এই পথ চলা।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে।
কোন বৈধ ভোটারের নাম বিচারাধীন রেখে নির্বাচন করা যাবে না। সমস্ত ভোটার বৈধ ভোটারদের যুক্ত করে নির্বাচন কমিশনকে ভারতবর্ষের সংবিধান মেনে বিভাজনের রাজনীতির উর্ধ্বে উঠে ভোটার তালিকা প্রস্তুতির দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলার সমস্ত বিডিও দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় সিপিআই(এম) সহ বামপন্থী দলসমূহ উদ্যোগে। জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরের রাজবাড়ী গেটের সামনে থেকে বিরাট মিছিল করে বিডিও দপ্তরে অবস্থান ও বিডিও নিকট সমস্ত বৈধ ভোটারদের তালিকাভুক্ত করার দাবি সহ অন্যান্য দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সদর ভিডিও দপ্তরের অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব গোবিন্দ রায়, বক্তব্য রাখেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিত্র, রাজ্য নেতৃত্ব সলিল আচার্য, সি পি আই এম এল এর পক্ষে বাসুদেব রায়, সিপিআই(এম) এর পক্ষে জামিনার আলি, আর এস পি নেতা পরিতোষ ঘোষ সহ অন্যান্য বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ। রাজগঞ্জ বিডিও দপ্তরের বিক্ষোভ কর্মসূচির ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জিয়াউল আলম, পার্টি নেতা নেতৃত্ব খরেন রায়, এরিয়া কমিটির সম্পাদক রতন রায়।
লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার তৃণমূল, বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ চক্রান্তের প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এদিন দুপুরে সিপিআই(এম) মালদহ জেলা কমিটির উদ্যোগে মালদহ শহরে  মিছিল ও সভা হয়। শহরের রাজ হোটেল মোড়ে থেকে মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ হোটেল মোড়ে এসে পৌঁছালে সেখানেই সভা হয়। সেখানে বক্তব্য রাখেন অম্বর মিত্র, অনিমেষ সিনহা, একরাম হোসেন, শুভজিৎ মিত্র প্রমূখ। 

Comments :0

Login to leave a comment