শনিবার সকালে পথদুর্ঘটনা চা শ্রমিকের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো বানারহাট থানার গায়েরকাটায়। প্রতিবাদে পথ অবরোধ করে পুলিশকে ঘিড়ে বিক্ষোভ দেখায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুজন। এদিন ভোরে পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গয়েরকাটা এলাকা। এশিয়ান হাইওয়ে ৪৮-এ একটি দ্রুতগতির লরির ধাক্কায় তিনজন মহিলা চা শ্রমিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে তারা এশিয়ান হাইওয়ের ৪৮ নং সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কয়েকজন মহিলা চা শ্রমিক কাজের উদ্দেশ্যে চা বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি পিছন দিক থেকে ধাক্কা মারে। ধাক্কায় তিনজন মহিলা চা শ্রমিক গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে গয়েরকাটা থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃত চা শ্রমিকের নাম পত্নো কাছোয়া(৫৫)। তিনি গয়েরকাটা চা বাগানের বাসিন্দা ছিলেন। অন্য দুই আহতের মধ্যে একজনকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চা শ্রমিক ও এলাকাবাসী ধূপগুড়ি থেকে বিরপাড়া গামী এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলায় গয়েরকাটা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি আদিল লিম্বু ও পুলিশ বাহিনী। বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এলাকায় ঘন ঘন পথদুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি, বানারহাট ট্রাফিক ওসি এবং বানারহাট থানার আইসি। পাশাপাশি জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি গেইলসন লেপচাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
Accident at Banarhat
গয়েরকাটায় দুর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু, ক্ষোভ চা শ্রমিকদের
×
Comments :0