নৈহাটি কারিগরপাড়া রেলওয়ে সাইডিং এলাকায় রেল বস্তির উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্ট পুনরায় স্থগিতাদেশ দিয়েছে। আগামী ২৫ জুন অবধি এই রেল বস্তির মানুষকে উচ্ছেদ করা যাবে না। হাইকোর্টের স্থগিতাদেশের কপি নিয়ে বুধবার কারিগরপাড়া এলাকার মানুষকে নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি, সিপিআই(এম) নেতা মলয় ভট্টাচার্য, সিপিআই(এম) উওর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশীষ রক্ষিত,দেবজিত ব্যানার্জি, ইন্দ্রানী কুন্ডু মুখার্জি সহ পার্টি নেতা ও কর্মীরা। মিছিলের পর মানুষের কাছে উপস্থিত হয়ে তাদের কাছে উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশের কপি তুলে দেন। অত রাতেও রেল বস্তির মানুষ রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে আসে।
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি বলেন, "রেল অমানবিক আচরণ করছে। জীবনের বেশিরভাগ সময় এই মানুষগুলো বস্তিতে দিন কাটিয়েছে। এরা এখন যাবে কোথায়? পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট পুনরায় স্থগিতাদেশ দিয়েছে। সেই কপি নিয়ে আমরা এখানে পরিবারের হাতে তুলে দিতে এসেছি। আমরা ওদের আশ্বস্ত করেছি। আমরা ওদের পাশে আছি। কিন্তু এই বিপদের সময় বারাকপুর লোকসভার সাংসদ কোথায়? এই মানুষগুলোর বিপদে তিনি নেই। আর এখানকার বিধায়ক কোথায়? তারও দেখা নেই। একরাশ আতঙ্ক নিয়ে এরা দিন কাটাচ্ছে। আমরা এইভাবে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে শেষ অবধি লড়াই করে যাবো।"
Comments :0