Tiger

পঞ্চের টাইগার রিজার্ভে প্রাপ্ত বয়স্ক বাঘিনীর মৃত্যু

জাতীয়

পঞ্চ টাইগার রিজার্ভের পর্যটকদের অতি প্রিয় বাঘিনী 'ল্যাংড়ি' প্রয়াত হয়েছে। শনিবার ১৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিল বলে টাইগার রিজার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি-র নির্দেশিকা মেনেই পশু চিকিৎসকদের উপস্থিতিতে ল্যাংড়ির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর সংরক্ষিত বনাঞ্চলেই পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করেন বনবিভাগের আধিকারিকরা।
গত ৬ মার্চ শেষবার পর্যটকরা তাকে দেখতে পেয়েছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কর্মঝিরি রেঞ্জের মুনারা ক্যাম্পের কাছে তার নিথর দেহ উদ্ধার হয়।
গত কয়েক মাস ধরে বার্ধক্যের কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। নিজে শিকার করতে পারত না বলে অন্য বাঘ বা চিতাবাঘের ফেলে যাওয়া শিকার খেতো সে।
২০০৮ সালে জন্ম নেওয়া এই বাঘিনী ছিল পঞ্চের আরেক বাঘিনী 'কলারওয়ালি'-র বোন। জন্মের সময় থেকেই তার সামনের একটি থাবায় ত্রুটি ছিল। হাঁটার সময় সামান্য খুঁড়িয়ে চলত বলে পর্যটকরা আদর করে তার নাম দিয়েছিলেন 'ল্যাংড়ি'।
শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সে বনের অন্যতম শক্তিশালী বাঘিনী হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। নিজের জীবদ্দশায় সে ১০টি শাবকের জন্ম দিয়েছে। 
টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর পুনীত গোয়েল জানিয়েছেন, ল্যাংড়ি কেবল পর্যটকদের আকর্ষণ ছিল না, সে ছিল কর্মঝিরি রেঞ্জের বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুতে একটি অধ্যায়ের অবসান হলো।

Comments :0

Login to leave a comment