Price hike

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য দাম বাড়লো রান্নার গ্যাসে, সাধারণ মানুষের ওপর বাড়ছে মূল্যবৃদ্ধির বোঝা

জাতীয়

সাধারণ মানুষের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির কোপ। শনিবার, থেকে দেশজুড়ে কার্যকর হলো রান্নার গ্যাসের নতুন বর্ধিত দাম। ১৪.২ কেজির প্রতিটি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১১৫ টাকা। 
আজকের এই মূল্যবৃদ্ধির ফলে দেশের প্রধান শহরগুলিতে ঘরোয়া গ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে। কলকাতায় গ্যাসের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা। দিল্লিতে গ্যাসের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১৩ টাকা। মুম্বাইয়ে গ্যাসের দাম  ৮৫২.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১২.৫০ টাকা। চেন্নাইয়ে গ্যাসের দাম ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২৮.৫০ টাকা।
বাণিজ্যিক ক্ষেত্রেও প্রভাব পড়েছে মারাত্মক। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। দিল্লিতে এই দাম দাঁড়িয়েছে ১৮৮৩ টাকায়।
মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মোদী সরকারের আমলে বার বরা দাম বেড়েছে রান্নার গ্যাসের সাধারণ মানুষের ওপর বাড়ছে চাপ। সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না। 
অন্যদিকে জ্বালানির সরবরাহ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (X) জানিয়েছেন, "ভারতে জ্বালানির কোন অভাব নেই। আমাদের অগ্রাধিকার হলো নাগরিকদের জন্য সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি নিশ্চিত করা। গ্রাহকদের চিন্তার কোন কারণ নেই।"
পাশাপাশি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও (IOC) পেট্রোল ও ডিজেলের ঘাটতি সংক্রান্ত সমস্ত গুজব উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক।
সরকারি সূত্রে জানানো হয়েছে, হরমোজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা থাকলেও ভারতের জ্বালানি সরবরাহ বর্তমানে বেশ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। 
২০২২ সালে রাশিয়া থেকে আমদানির পরিমাণ মাত্র ০.২ শতাংশ থাকলেও, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে ভারত তার মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশই রাশিয়া থেকে আমদানি করেছে।
২০২৬ সালের জন্য মার্কিন উপসাগরীয় উপকূল থেকে ২.২ এমটিপিএ (MTPA) এলপিজি আমদানির চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইতিমধ্যেই জানুয়ারি মাস থেকে সেই গ্যাস ভারতে আসতে শুরু করেছে।

Comments :0

Login to leave a comment