স্কুলের ক্লাসরুমের মধ্যেই পাওয়ার করাত নিয়ে ঢুকে দুই ছাত্রীকে আক্রমণের অভিযোগ উঠল ২১ বছরের এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু মণ্ডলের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। হামলায় দুই ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ রাপ্তাডু গ্রামের জেলা পরিষদ হাইস্কুলে দশম শ্রেণির ক্লাস চলছিল। সেই সময় পাওয়ার করাত হাতে নিয়ে শ্রেণিকক্ষে ঢোকে অভিযুক্ত যুবক। ক্লাসে শিক্ষক উপস্থিত থাকা সত্ত্বেও দুই ছাত্রীর উপর হামলা চালায় সে। আচমকা এই হামলায় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত দুই ছাত্রীকে দ্রুত অনন্তপুরের সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জরুরি চিকিৎসা শুরু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। সে ধর্মবরম শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। হামলার পর স্কুল থেকে পালিয়ে যায় সে। এখনও তার সন্ধান মেলেনি। অভিযুক্তকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কী কারণে ওই যুবক স্কুলে ঢুকে ছাত্রীদের উপর হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনও ব্যক্তিগত আক্রোশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলার সম্পূর্ণ ঘটনাক্রম জানার পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘‘রাপ্তাডু জেলা পরিষদ হাইস্কুলের শ্রেণিকক্ষের মধ্যে দশম শ্রেণির ছাত্রীর উপর এই বর্বরোচিত হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। স্কুলের ভিতরে আমাদের মেয়েদের যারা আক্রমণ করে, সমাজে তাদের কোনও জায়গা নেই।’’
আহত ছাত্রীর চিকিৎসার বিষয়টি তিনি নিজে নজরে রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘‘অনন্তপুর জেলার রাপ্তাডুর স্কুলের ভিতরে দশম শ্রেণির ছাত্রীর উপর এই নৃশংস হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। যে জায়গা শিক্ষার ও নিরাপত্তার, সেখানে একটি অল্পবয়সি মেয়ের উপর এমন অমানবিক আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’’
মুখ্যমন্ত্রী পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং অপরাধীকে বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। প্রতিটি মেয়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে জানিয়ে তিনি বলেন, এই ধরনের বর্বরতা বরদাস্ত করা হবে না।
স্কুলের ভিতরে, শিক্ষক উপস্থিত থাকাকালীন এই হামলার ঘটনায় ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে এক বহিরাগত যুবক হাতে পাওয়ার করাত নিয়ে স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে হামলা চালাতে পারল, তা নিয়েও তদন্তের দাবি উঠছে।
Andhra Pradesh
অন্ধ্রপ্রদেশে স্কুলের ক্লাসরুমে ঢুকে পাওয়ার করাত দিয়ে দুই ছাত্রীকে আক্রমণ, গুরুতর জখম এক
×
Comments :0