Editorial

গণহত্যাকারীর পরাজয়

সম্পাদকীয় বিভাগ

ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ও উগ্র দক্ষিণপন্থী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারের পরাজয় হয়েছে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। মোট ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতৃত্বে অতিমাত্রায় দক্ষিণপন্থী জোট ৫৩ আসনে জয়ী হয়েছে। এই জোট সরকারের পদত্যাগী প্রতিরক্ষা মন্ত্রী আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট জিতেছে ৪৮টি আসনে। অর্থাৎ শাসক ও বিরোধী পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১আসন থেকে অনেকটা পেছনে। তাৎপর্যপূর্ণ ভাবে তৃতীয় পক্ষ আরব জোট ও বামপন্থীরা জিতেছে ১৯টি আসনে। ফলে আরব জোটের সমর্থন ছাড়া কোনও পক্ষের পক্ষেই সরকার গঠন সম্ভব নয়। এমন এক কঠিন পরিস্থিতে দুনিয়া তাকিয়ে আছে ইজরায়েল কোন পথে এগয় সেদিকে।
গাজায় সামরিক আগ্রাসন এবং ধ্বংসলীলা চালিয়ে প্রায় এক লক্ষ নিরপরাধ মানুষ খুন এবং কয়েক লক্ষ মানুষকে জখম ও পঙ্গু করে দেবার পর এটাই ইজরায়েলে প্রথম জাতীয় নির্বাচন। নেতানিয়াহুর নেতৃত্বে ইতিহাসের নজিরবিহীন গণহত্যা চালিয়ে অর্ধেকেরও বেশি প্যালেস্তাইনবাসীর ভিটেমাটি ধ্বংস করে আশ্রয় শিবিরে পাঠিয়েছিল নেতানিয়াহুর বাহিনী। এমন গণহত্যা ও ধ্বংসলীলার বিরুদ্ধে গোটা বিশ্ব গর্জে উঠলেও মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের মদতে আজও তা অব্যহত। বস্তুত এমন নৃশংসতা ও এমন বর্বরতা সহ্য করতে পারেনি ইজরায়েলের বৃহত্তম জনগণ। তাই ভোটে সুযোগ পেয়ে তারা কার্যত গণহত্যার বিরুদ্ধে রায় দিয়েছেন। নাটের গুরু কুখ্যাত নেতানিয়াহু-র নিজের দলের আসন সংখ্যা নামিয়ে এনেছেন ২৬’এ। এক কথায় এহেন নেতা ও সরকারের প্রতি পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন মানুষ। অন্যদিকে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে অতীতের যে কোনও নির্বাচনের থেকে বেশি হারে ভোট দিয়েছেন। তাতে আরব দলগুলি নজিরবিহীন সাফল্য অর্জন করেছে।
নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট নেতানিয়াহুকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি কিছুটা নরমপন্থী জায়নবাদী বিরোধীদেরও মানুষ স্পষ্ট সমর্থন করেনি। ফলে সরকার গঠনে অচলাবস্থা প্রায় অনিবার্য। ইতিমধ্যে নেতানিয়াহু বিরোধীদের আহ্বান করেছেন মিলিঝুলি জাতীয় সরকার গঠনে যাতে অরব দলগুলিকে ক্ষমতার অলিন্দ থেকে দূরে রাখা যায়। অবশ্য বিরোধীরা এখনো তাতে সাড়া দেয়নি। অন্যদিকে বামপন্থীরা বিরোধী জোটকে আহ্বান করেছে আরব জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠনে অগ্রসর হতে। শেষপর্যন্ত তেমন কোনও সরকার হলেও সেটা হবে অভাবনীয় ঘটনা। তবে সেটা ঠিক কোন শর্তে সম্ভব হতে পারে স্পষ্ট নয়।

Comments :0

Login to leave a comment