শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটিতে অগ্নিকাণ্ড। আবাসনের ২৮ তলার একটি স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি আবাসনের একটি টাওয়ারের ২৮ তলায় আগুন দেখতে পান আবাসিকরা। আবাসনের শপিং মলের কাছের একটি টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই তলার একটি স্টোররুম থেকেই আগুনের সূত্রপাত।
আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় প্রায় ৪০ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে আবাসনে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। স্টোররুমে কী ধরনের সামগ্রী মজুত ছিল এবং সেখান থেকেই কীভাবে আগুন ছড়াল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Fire
দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে ২৮ তলায় আগুন, ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
×
Comments :0