Behala

প্রেমের সম্পর্ককে ঘিরে তাণ্ডবের অভিযোগ বেহালায়, বাবা-ছেলেকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজ্য কলকাতা

এক তরুণের সঙ্গে এক মহিলার সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠলো বেহালায়। তরুণ ও তার বাবাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে মহিলার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে এই ঘটনা ঘটে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই মহিলার বাবা ও মামা।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই তরুণ ও মহিলাকে একসঙ্গে দেখে মহিলার পরিবারের সদস্যরা তাদের আটক করেন। এরপর তরুণকে একটি বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেখানে মহিলার বাবা ও মামা তাকে মারধর করেন বলেও দাবি পুলিশের।
এরপর তরুণের বাবাকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। পুলিশ আধিকারিকের বক্তব্য, মহিলার পরিবারের সদস্যরা তরুণের বাবার হাতে একটি আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে হুমকি দেন। তাদের দাবি ছিল, হয় নিজের ছেলেকে গুলি করে মারতে হবে, নয়তো বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটতে হবে। অভিযোগ, এরপর বাবা ও ছেলেকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়।
এখানেই শেষ নয়। ওই তরুণের এক বন্ধুকেও মারধর করে একইভাবে হেনস্থা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ মহিলার বাড়িতে ভাঙচুরের চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানিয়েছে, বাহিনী পৌঁছনোর আগেই মহিলার পরিবারের কয়েক জন সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে মহিলার মামাকে স্থানীয় বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment