কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শহর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ভয়াবহ হড়পা বানের প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে এমনটাই জানালেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। বুধবার নেপালের রসুয়া অঞ্চলে ভয়াবহ হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। বিপর্যয়ের পূর্ণ মাত্রা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।
কাঠমান্ডুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা চলছে।’
এই বিপর্যয়ে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিকের নিখোঁজ হওয়ার খবরও জানিয়েছেন খানাল। তাদের অধিকাংশই মানসসরোবর যাত্রার তীর্থযাত্রী বলে জানা গিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্থ এলাকার মধ্য দিয়েই বিদেশি নাগরিকরা মানসসরোবর যাত্রার জন্য যাতায়াত করেন। প্রায় ৩০০ ভারতীয় নিখোঁজ বলে খবর এসেছে। তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে সরকার।’
সব মিলিয়ে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক বর্তমানে যোগাযোগের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিখোঁজ বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গে নেপাল সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান খানাল।
বিদেশমন্ত্রী বলেন, ‘নেপালি নাগরিকদের নিরাপত্তার প্রতি আমরা যেমন দায়বদ্ধ, বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও আমাদের একই দায়িত্ব রয়েছে।’
সাম্প্রতিক সময়ে নেপালে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়গুলির অন্যতম এই হড়পা বান বলে উল্লেখ করেন খানাল। বিপর্যয়ের পর দ্রুত ত্রাণ পাঠানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। তার কথায়, এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য উদ্ধারকাজ এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া। ভারত ইতিমধ্যেই নেপালের জন্য ত্রাণ পাঠিয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেপালের পাশে থাকার আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রী। বিপর্যয়ের পর দেশের পুনর্গঠনে পর্যটনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বিশ্বের মানুষকে নেপালে আসার আহ্বান জানান।
খানাল বলেন, ‘নেপালের অধিকাংশ অঞ্চল এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। পোখরা এবং মাউন্ট এভারেস্ট অঞ্চল-সহ অধিকাংশ পর্যটনকেন্দ্র এখনও খোলা এবং নিরাপদ। নেপালের পুনর্গঠনে আগামী কয়েক মাস পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অতীতের বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে নেপাল আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরও নেপাল ঘুরে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করে খানাল বলেন, ‘অতীতের বিপর্যয়ের পর আমরা আরও শক্তিশালী হয়ে উঠেছি। নেপাল আবারও ঘুরে দাঁড়াবে।’
Nepal Flood
রসুয়ায় ভয়াবহ হড়পা বানে মৃত ১৬০, নিখোঁজ প্রায় হাজার, নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয়
×
Comments :0