'Amader Para' Kolkata

‘আমাদের পাড়া‘ প্রকল্পে কলকাতায় বাকি ৬০ শতাংশ কাজ!

কলকাতা

অরিজিৎ মণ্ডল

গত ৬ মাসে যতটা কাজ হয়েছে তার চেয়ে বেশি হবে এক মাসেই। ভোটের মুখে চালু রাজ্যের প্রকল্প ঘিরে এমনই দাবি করলেন কলকাতা কর্পোরেশনের মেয়র।
মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের অধিবেশনে এই বিষয়টি নিয়ে ওঠে প্রশ্ন। 
কলকাতা কর্পোরেশনের অন্তর্গত প্রায় ৪ হাজার ৮০০ টি বুথ রয়েছে। সব বুথেই 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের কাজ চলছে। কিন্তু লক্ষ্যমাত্রার মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এক মাসের মধ্যে বাকি ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 
বাকি কাজ নিয়ে বটেই, এমনকি সম্পন্ন কাজের হার নিয়ে মেয়রের দাবিতে প্রশ্ন রয়েছে। কর্পোরেশন পরিচালনার দায়িত্বে থাকা তৃণমূলের কাউন্সিলরদের মধ্যেও রয়েছে প্রশ্ন। 
প্রত্যেক বুথের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের ঘোষণা করে। গত বছর জুলাই মাসে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের কাজ কলকাতায় শুরু করেছে কর্পোরেশন। কিন্তু এই কাজের কতটা অগ্রগতি হলো? কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে এই প্রশ্ন করেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি অধিবেশনে প্রশ্ন করেন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডে মোট কতগুলি বুথ রয়েছে। এই প্রকল্পে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে কলকাতা কর্পোরেশনে।  ও এখনও পর্যন্ত কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে? এবং বাকি কাজ কতদিনের মধ্যে শেষ হবে? 
এই প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা কর্পোরেশনে প্রায় ৪ হাজার ৮০০ টি বুথ রয়েছে। মোট ৩৬৪ কোটি ৯৩ লক্ষ টাকার কাজ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৬০ শতাংশ কাজ সম্পন্ন করতে আর এক মাস লাগবে।" 
কিন্তু এক মাসের মধ্যে ৬০ শতাংশ কাজ কিভাবে সম্পন্ন হবে তা নিয়েও রয়েছে সংশয়। 
তৃণমূলের এক কাউন্সিলরের কথায়, ৪০ শতাংশ কাজ করতেই প্রায় ৬ মাসের উপর লেগে গেল। ৬০ শতাংশ কাজ এক মাসের মধ্যে করা সম্ভব নয়। 
অধিবেশনে বিশ্বরূপ দে বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-র কাজ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না পাইপ ও হট মিক্স। যা রাস্তায় পিচের কাজে ব্যবহার করা হয়। 
মেয়র ফিরহাদ হাকিম বিশ্বরূপ দে-কে জানান, শ্রমিক পাওয়ার সঙ্কট ছিল যা বর্তমানে মিটেছে। এছাড়াও পাইপ নিয়ে গোটা বাংলা জুড়েই সঙ্কট ছিল। এখন বর্তমানে কিছুটা সেই সমস্যা মিটেছে। যদি পাইপের সঙ্কট থাকে তাহলে কাজ চালানোর মতো প্লাস্টিকের পাইপ ব্যবহার করা যেতে পারে।

Comments :0

Login to leave a comment