ABVP attacks SFI camp

সিউড়ি কলেজে এসএফআইয়ের ক্যাম্পের উপর আক্রমণ এবিভিপি’র

জেলা

বুধবার এসএফআইয়ের ক্যাম্পে হামলা, ব্যানার ফেস্টুন তছনছ করেছে এবিভিপি। গত তিনদিন ধরে সিউড়ি বিদ্যাসাগর কলেজে প্রথম বর্ষে ভর্তিপ্রার্থী পড়ুয়াদের সহায়তার জন্য করা এসএফআইয়ের ক্যাম্পের উপর নানা অছিলায় দৌরাত্বপনা করে চলেছে এবিভিপি। তিন দিন ধরেই নানা অজুহাতে এসএফআইয়ের কর্মীদের হেনস্থা, মারধর, গালিগালাজ চালিয়ে যাচ্ছে এবিভিপি।
বুধবারও সেই দাদাগিরি জারি রেখেছে সরকার বদলের পর আচমকা ক্যাম্পাসে ছাত্রনেতা বনে যাওয়ারা। যাদের মধ্যে পড়ুয়া বাদ দিয়েও রয়েছেন বহু বহিরাগত। যারা এবিভিপির পতাকার তলায় এসে অযথা কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এসএফআই। গত সোমবার ও মঙ্গলবার ব্যানার টাঙানো নিয়ে এসএফআইয়ের সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় এবিভিপি। অথচ এসএফআই ক্যাম্প করেছেন কলেজের গেটের বাইরে। যেখানে এবিভিপির ক্যাম্প রয়েছে কলেজের ভেতরে। তবুও তারা বারবার কলেজের বাইরে থাকা ক্যাম্পকেই নিশানা করেছে। বুধবার সবকিছুর মাত্রা ছাড়িয়ে এসএফআইয়ের লাগানো ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে দেয় এবিভিপি’র ক্যাম্পে বসা যুবকরা। প্রতিবাদ করে এসএফআই। এসএফআইয়ের সদস্যদের নিগ্রহ করা হয়। এসএফআই বীরভূম জেলা সম্পাদক সৌভিক দাসবক্সী জানিয়েছেন, ‘‘আমরা কলেজে শান্তিপূর্নভাবেই ক্যাম্প করে পড়ুয়াদের সহায়তা করছি। এখন আমাদের ক্যাম্পে পড়ুয়াদের ভীড় দেখে গা জ্বালা ধরেছে এবিভিপির। গত তিনদিন ধরেই ওরা আমাদের হেনস্থা করছে, প্ররোচিত করছে। এদিন এসএফআইয়ের এক সদস্য নাকি মুখের জল ফেলেছে কলেজের কোনও এক মূর্তির সামনে ফেলেছে। এমন অভিযোগ তুলে এবিভিপি উত্তেজনা সৃষ্টি করে এদিন। আমরা বলি প্রমান দিতে পারলে কলেজের সব মূর্তি আমরা পরিস্কার করব। এমনিতেও আমরা তা করি। এটা আমাদের কর্তব্য। এরপরই কোনও কারন ছাড়াই আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে আমাদের ক্যাম্পকে তছনছ করে। এমন করে কখনই সাধারণ পড়ুয়াদের সমর্থন যে মিলবে না তা ভবিষ্যত বলবে।’’ 
এবিভিপির সিউড়ি নগর সভাপতি রাকেশ সিনহার বক্তব্য, ‘‘এসএফআই নিজেরাই নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আমাদের দোষারোপ করছে।’’ 
 

Comments :0

Login to leave a comment