MGNREGA Strike

দেশজুড়ে মনরেগা ধর্মঘটকে সমর্থন কৃষকসভারও

জাতীয়

‘মনরেগা‘ শ্রমিকদের ধর্মঘটের আহ্বানকে সমর্থন জানালো সারা ভারত কৃষক সভা। ১৫ মে ধর্মঘটের প্রস্তুতিতে দেশের সর্বত্র প্রচার চালাবে সংগঠন। 
জাতীয় স্তরে খেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন সমূহের সংগ্রাম মঞ্চ ১৫ মে ধর্মঘটের ডাক দিয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ যৌথ বিবৃতিতে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। 
‘মনরেগা‘ তুলে দিয়ে ‘ভিবি-জি রাম জি‘ আইন পাশ করেছে কেন্দ্রের বিজেপি জোট সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে এর আগেই প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন কৃষক এবং খেতমজুর সংগঠন। 
প্রতিবাদীরা বলছেন, ‘মনরেগা‘-তে সরকার কাজ দেওয়ার বাধ্যবাধকতা ছিল সরকারের। নতুন আইনে সেই বাধ্যবাধকতা তুলে দিয়ে রাজ্যের ওপর দায়িত্ব ঠেলে দিয়েছে কেন্দ্র। ফলে গ্রামাঞ্চলে কাজের নিশচয়তায় অধিকারের ধারণাকেই বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। 
মঙ্গলবার বিবৃতিতে সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওলে এবং সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন বলেছেন, দেশে গ্রামাঞ্চলে কাজের সঙ্কট তীব্র। তার ওপর মূল্যবৃদ্ধির বোঝা সব অংশের ওপর। মনরেগা তুলে না দিয়ে তাকে আরও শক্তিশালী করা দরকার ছিল। মূল্যবৃদ্ধির সঙ্গে সংযুক্ত করে মজুরি এখন দিনে ৭০০ টাকা করা দরকার ছিল। বছরে একশো দিন থেকে বাড়িয়ে ২০০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া দরকার ছিল। ধর্মঘটে সেই দাবিই উঠেছে। অত্যন্ত যুক্তিযুক্ত এই ধর্মঘটে শামিল থাকবে কৃষকসভাও।

Comments :0

Login to leave a comment