Farmer Suicide

মহারাষ্ট্রে ফের আত্মঘাতী কৃষক

জাতীয়

মহারাষ্ট্রের নান্দেদ জেলায় ঋণ সংক্রান্ত চাপ ও হয়রানির জেরে এক কৃষক আত্মঘাতী হয়েছেন।  বছর ৫৩’র দত্ত মোহন উমাতকে রেল লাইনে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রেল লাইলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার ঋণ আদায়কারী এজেন্টদের ক্রমাগত হয়রানির কারণেই তিনি চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। সোমবার পুলিশ এই কথা জানিয়েছে।
পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উমরি মহকুমার গনিপুর গ্রামের বাসিন্দা দত্ত মোহন উমাতেকে রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে নান্দেদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। 
ওই আধিকারিক আরও জানান, পরিবারের অভিযোগ, একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টদের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপের মুখে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। প্রায় এক মাস আগে ওই সংস্থার এজেন্টরা গ্রামে এসে উমাতেকে হুমকি দিয়েছিল। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং প্রায়শই বাড়ির বাইরে থাকতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, এর আগে একটি বিবাদের জেরে অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিরা উমরি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে উমাতে সহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, ওই অর্থলগ্নি সংস্থার পাঁচ এজেন্টকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। 
মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যা দেশের একটি অন্যতম দীর্ঘস্থায়ী ও গভীর সামাজিক-অর্থনৈতিক সংকট। খরা, ফসলের ক্ষতি এবং ঋণের কারণে সেখানে প্রতি বছর বহু কৃষক আত্মহননের পথ বেছে নিচ্ছেন। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রের খরাপ্রবণ মারাঠাওয়াড়া অঞ্চলে চলতি বছরের প্রথম ছয় মাসেই ৪৬৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। সম্প্রতি অক্টোবরে লাতুর জেলার এক কৃষক আর্থিক অনটন ও খরার জেরে আত্মঘাতী হয়েছেন। 
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কঠোর নির্দেশিকা অনুযায়ী, কোনো ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থার ঋণ আদায়কারী এজেন্টরা ঋণগ্রহীতাকে কোনোভাবেই মানসিক বা শারীরিক হয়রানি, হুমকি বা অপমান করতে পারে না। ঋণ খেলাপি হলেও একজন গ্রাহকের সম্মান এবং গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। তারপরেও এই ঘটনাটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার ঋণ আদায়কারী এজেন্টদের দ্বারা হয়রানির বিষয়টি আবারও সামনে এসেছে।

Comments :0

Login to leave a comment