মহারাষ্ট্রের সোলাপুর জেলার একটি গ্রামে সোমবার কূপ খননের সময় মাটি ও পাথর ধসে চার শ্রমিক নিহত হয়েছেন।
সোলাপুর জেলা কালেক্টর এস কার্তিকেয়ান জানান, রবিবার সকাল ১০টার দিকে পান্ধারপুর তালুকের আম্বে গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সেখানে একটি খামারে জেসিবি ব্যবহার করে ৫০ ফুট গভীর একটি কূপ খনন করা হচ্ছিল।তখনই মাটি ও পাথরের স্তূপ ধসে পড়লে শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
এরপর রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রায় ৩০ জন সদস্য প্রায় ২৫ ঘণ্টা ধরে এই উদ্ধার অভিযান চালান। কার্তিকেয়ান জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কালেক্টর জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে যে ওই জায়গায় অননুমোদিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করার জন্য মহকুমা আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। তিনি আরও বলেন, যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কার্তিকেয়ান আরও জানান, প্রশাসন প্রথমে কূপটিকে ঘিরে ফেলবে যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। কূপটি ভরাট করার বিষয়ে এনডিআরএফ-র সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানা তিনি।
Comments :0