Jammu and kashmir

কুলগামে এনকাউন্টারে লস্কর সন্ত্রাসবাদী নিহত, ঘিরে রাখা হয়েছে আরও একজনকে

জাতীয়

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তইবার এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গির নাম লতিফ ভাট। অন্য এক সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলা হয়েছে বলে সোমবার জানিয়েছে পুলিশ। গত সপ্তাহে এই কুলগাম জেলাতেই সিআরপিএফের একটি পোস্টে জঙ্গি হামলায় তিন জওয়ান আহত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই এলাকায় জঙ্গি দমনে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর আশপাশের ইউনিটগুলির পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল অপারেশন গ্রুপও অংশ নিয়েছে।
সূত্রের খবর, কুলগামের বাসিন্দা লতিফ ভাট পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলে কাজ করছিল বলে সন্দেহ। দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় গোপন আস্তানা বদল করে ঘুরে বেড়াত সে। এই কাজে তাকে সাহায্য করত ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটি নেটওয়ার্ক। ২০২৬ সালে একাধিক জঙ্গি হামলার ঘটনায় তার নাম জড়িয়েছে বলে দাবি সূত্রের। এর মধ্যে রয়েছে ২২ জুলাই অনন্তনাগের লালচক এলাকায় এক পুলিশকর্মীকে হত্যা এবং ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনা।
গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফের একটি পোস্টে হামলা চালায় দুই সশস্ত্র সন্ত্রাসবাদী। গুলিতে আহত হন তিন সিআরপিএফ জওয়ান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হামলার পর জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়।
কুলগামের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কিশ্তওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-কে হত্যা করে জঙ্গিরা। নিহত দুই পুলিশকর্মীর নাম বাবি চাঁদ ও যশপাল কুমার। জানা গিয়েছে, জঙ্গি দমন অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে যাওয়ার পথেই তাদের উপর হামলা চালানো হয়।
গত সপ্তাহের হামলার পর জম্মু-কাশ্মীরজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিআরপিএফের স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার। সোমবার তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বাহিনীর তরফে নজরদারি ও সতর্কতা আরও জোরদার করা হয়েছে।
একের পর এক জঙ্গি হামলার ঘটনায় জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হয়ে গিয়েছে, কিংবা শেষের পথে এমন সরকারি দাবির সমালোচনা বাড়ছে। ৩৭০ বাতিলের পর উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে যারা দাবি করেছিলেন, তাদের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে।
ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও এই দাবির বিরোধিতা করেছেন। তার বক্তব্য, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে যারা দাবি করছেন, তারা ভুল করছেন।
পরপর জঙ্গি হামলা এবং নিরাপত্তাবাহিনীর অভিযানের জেরে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি ফের আলোচনার কেন্দ্রে।

Comments :0

Login to leave a comment