Samastipur Incident

পূজার আগে ছটের প্রসাদ খাওয়ায়, মায়ের মারে প্রাণ গেল ৪ বছরের শিশু কন্যার

জাতীয়

ছবি- AI

পুজোর আগেই ছটের জন্য তৈরি করে রাখা প্রসাদ খেয়ে ফেলার ‘অপরাধে’ মায়ের মারে প্রাণ গেল চার বছরের এক শিশু কন্যার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলার পুসা থানার অন্তর্গত মহম্মদপুর বিরাউলি গ্রামে। জানা গিয়েছে, ঘটনায় শিশুর মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মৃত শিশুর বাবা রাজু পাসওয়ান পুলিশকে জানিয়েছেন, পরিবারের সদস্যরা ছট পূজার জন্য তাদের বাড়ির কাছে একটি ঘাট তৈরি করতে গিয়েছিলেন। অন্যদিকে তাঁর স্ত্রী রীনা কুমারী বাড়িতে প্রসাদ তৈরি করছিলেন। সেই সময় ছোট মেয়ে সুহানি পূজোর আগেই প্রসাদ খেয়ে ফেলে। এতে রেগে গিয়ে রীনা মেয়েটিকে মারধর করে। কিছুক্ষণ পর সুহানির স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তখন রীনা কুমারী তাকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার বছর বয়সী সুহানির মৃত্যুতে বাবা রাজু পাসওয়ান শোকে মুহ্যমান। তাঁর তিন সন্তান সাত বছর বয়সী মেয়ে শিবানী, চার বছর বয়সী সুহানি এবং দেড় বছর বয়সী ছেলে রাজা কুমার। শোকাহত বাবা প্রশ্ন তোলেন, যখন তাঁর মেয়ে আর বেঁচে নেই, তখন এমন পূজার অর্থ কী? 
ঘটনার খবর পেয়ে পুসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রমেশ কুমার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, মহম্মদপুর বিরাউলি গ্রামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত মা রীনা কুমারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাটির সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

Comments :0

Login to leave a comment