এসআইআর বেনিয়মে একাধি গুরুত্বপূর্ণ প্রশ্নে চুপ রয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট প্রশ্ন পাঠিয়ে জবাব চাওয়া হোক। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করল বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ।
এসআইআর করার সিদ্ধান্ত কার? কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো? ফর্ম-৬ বদলানোর সিদ্ধান্ত কার ছিল? নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কার? ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য কমিশন নিজে ফর্ম-৭ দায়ের করে আবেদন জানিয়েছে, এই সিদ্ধান্ত কার? এমন একাধিক বিষয়ে স্পষ্ট জবাব চাইছে ‘ইন্ডিয়া’ মঞ্চ।
ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ এদিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করার জন্য ৪৮টি প্রশ্ন জমা দেওয়ার অনুমতি চেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের থেকে নির্দিষ্ট জবাব চাওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি-র থেকে নির্দিষ্ট প্রশ্নের জবাব চাওয়ার আবেদন জমা পড়েছে।
কংগ্রেস 'এক্স' হ্যান্ডেলে জানিয়েছে যে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় 'ভোট চুরি'-র অভিযোগ সংক্রান্ত কোনও প্রশ্নেরই উত্তর দেয়নি।
কংগ্রেস বলেছে, "সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় 'ভোট চুরি' নিয়ে করা একটি প্রশ্নেরও উত্তর নেই। ইন্ডিয়া মঞ্চের নেতারা এখন সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন—যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, অন্য দুই নির্বাচন কমিশনার এবং আইটি বিভাগের ডিজির উদ্দেশ্যে একটি প্রশ্নমালা পাঠানোর অনুমতি চেয়েছেন। এসআইআর প্রক্রিয়ায় যে ব্যাপক ত্রুটি ঘটেছে, তা 'ভোট চুরি'-র পথ সুযোগ করেছে।"
‘ইন্ডিয়া’ মঞ্চের প্রশ্নে বলা হয়েছে যে এসআইআর চালুর সিদ্ধান্ত কি যৌথভাবে নির্বাচন কমিশন নিয়েছিল? কেবল মুখ্য নির্বাচন কমিশনার নয়, অপর দুই নির্বাচন কমিশনারের বক্তব্য কী? প্রশ্ন তোলা হয়েছে যে এসআইআর দেশের বিভিন্ন রাজ্যের চলার সময়ে কেন নির্বাচন কমিশনের বৈঠকের বিবরণ নথিভুক্ত হয়নি? ইসিআইনেট-এ ভোটার তালিকায় চূড়ান্ত নাম তুলতে পারেননি ইআরও-রা। কার নির্দেশে কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি ইআরও-দের অনুমতি আটকে দেন, নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে।
এর আগে ‘ইন্ডিয়া’ মঞ্চের দায়ের মামলার জেরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কমিশন। সেখানে বলা হয়েছে যে প্রকৃত সব ভোটারের নাম যাতে তালিকায় থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে। হলফনামায় কমিশনের দাবি, ফর্ম-৬ সংশোধন করা হয়নি। এই হলফনামা দায়ের করা হয়েছে কমিশনের উপ নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরুর নামে। এই উপ নির্বাচন কমিশনারের বক্তব্য, ২০২৫-র ২৪ জুন, ২০২৫-র ২৭ অক্টোবর এবং ২০২৬’র ১৪ মে তিনবার এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্বাচন কমিশনে সর্বসম্মতির ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-র প্রতিবেদন দেখিয়েছে যে দুই নির্বাচন কমিশনার সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী চিঠি লিখে এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন। ১০ মাসে ১৪টি চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিপক্ষে একা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও উঠে এসেছে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলায় জ্ঞানেশ কুমারকে বক্তব্য জানাতে বলেছিল। কমিশনের হলফনামায় সি রয়েছে উপ নির্বাচন কমিশনার পদমর্যাদার আধিকারিক ভানু প্রকাশ ইয়েতুরুর নামে।
ECI india
কমিশন নির্দিষ্ট জবাব দেয়নি, এসআইআর বেনিয়মে ৪৮ প্রশ্নের তালিকা জমা ‘ইন্ডিয়া’-র
×
Comments :0