sugercane farmars jalpaiguri

অনিশ্চিত বাজার, সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে আখ চাষে অনাগ্রহী কৃষকরা

জেলা

উর্বর মাটি, অনুকূল পরিবেশ এবং ভালো ফলনের সম্ভাবনা থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে বিকল্প অর্থকরী ফসল হিসেবে আখ চাষ সেভাবে প্রসার লাভ করছে না। উৎপাদিত আখ সারা বছর বিক্রির বাজার নেই, নেই কোনও চিনিকল। একসময় গ্রামীণ এলাকায় আখ থেকে গুড় তৈরির যে ছোট ছোট উদ্যোগ ছিল, সেগুলিও প্রায় বন্ধ। ফলে উৎসবের মরশুমে আখ বিক্রি এবং স্থানীয়ভাবে আখের রসের দোকানের সীমিত চাহিদার উপর নির্ভর করেই থাকতে হচ্ছে কৃষকদের। বাজারের নিশ্চয়তা না থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও আখ চাষে নতুন করে উৎসাহ দেখাচ্ছেন না অধিকাংশ কৃষক।
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলায় বছরে প্রায় ১৪৪ হেক্টর জমিতে আখ চাষ হয়। উৎপাদনের পরিমাণ প্রায় ১১ হাজার ২৩৯ টন। জেলার ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন এলাকা এবং জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদীর পাড়ের কিছু জমিতে মূলত আখ চাষ হয়। গভীর দোআঁশ ও পলি-দোআঁশ মাটি, পর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থা এবং মাঝারি উঁচু জমি আখ চাষের পক্ষে বিশেষ উপযোগী। প্রতিবেশী কোচবিহার জেলার কিছু এলাকাতেও আখ চাষ হয়।
কৃষি দপ্তর সূত্রে আরও জানা গেছে, ২০২৪-২৫ কৃষিবর্ষে রাজ্যে প্রায় ১৩ হাজার ২০৬ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আখ চাষের পাশাপাশি সাথী ফসল উৎপাদনেরও যথেষ্ট সুযোগ রয়েছে। আখ রোপণের পর প্রথম তিন থেকে চার মাস দুই সারির মধ্যবর্তী ফাঁকা জমিতে আলু, সরষে, কলাই ও বিভিন্ন শাকসবজি চাষ করা যায়। এতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে আখ চাষে ভালো ফলন ও মুনাফার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় আখ চাষী প্রশান্ত রায়ের কথায়, উৎসবের মরশুমে আখের চাহিদা ভালো থাকলেও বছরের বাকি সময়ে বিপুল পরিমাণ আখ বিক্রির বাজার নেই। সারা বছর আখের রস বিক্রির দোকান দেওয়ার মতো পর্যাপ্ত বাজার ও পরিকাঠামোও নেই। ফলে উৎপাদন বাড়ালেও ফসল বিক্রি নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়। জেলায় চিনিকল না থাকা এবং আখের গুড় তৈরির গ্রামীণ ব্যবস্থাপনা বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা আরও বেড়েছে।
কৃষকদের দাবি, সরকারি উদ্যোগে সমবায়ের ভিত্তিতে চিনিকল কিংবা ক্ষুদ্র আখ মাড়াই ও গুড় প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা হোক। উৎপাদিত আখের নিশ্চিত বাজার তৈরি হলে আলু ও ধানের পাশাপাশি আখও উত্তরবঙ্গের অন্যতম লাভজনক বিকল্প অর্থকরী ফসল হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও শুধু বাজার ও প্রক্রিয়াকরণের পরিকাঠামোর অভাবে আখ চাষের সম্ভাবনা আটকে থাকছে। কৃষকদের প্রশ্ন, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারি উদ্যোগ কবে নেওয়া হবে?

Comments :0

Login to leave a comment