BJP

তিন প্রাক্তন তৃণমূলকে রাজ্যসভায় টিকিট দিল বিজেপি

জাতীয় রাজ্য

দলবদলের পুরস্কার পেলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইক। বৃহস্পতিবার শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগদান করেন। তারপরই রাজ্যের খালি থাকার তিন রাজ্যসভা আসনে তাদের মনোনয়ন দিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, গত ৮ জুন রাজ্যসভার সদস্যপদ ও তৃণমূল ছাড়েন সুখেন্দু শেখর রায়। ১০ জুন ইস্তফা দেন সুশ্মিতা দেব এবং ১১ জুন প্রকাশ চিক বরাইক। তিন জনই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরই তাঁরা দল ছাড়েন। সুখেন্দু ও প্রকাশের রাজ্যসভার মেয়াদ ২০২৯ সালের ৮ অগস্ট পর্যন্ত এবং সুশ্মিতা দেবের মেয়াদ ছিল ২০৩০ সালের ২ এপ্রিল পর্যন্ত।

যোগদানের পর সুশ্মিতা দেব বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়ন তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তৃণমূলকে নিশানা করে তার অভিযোগ, ‘‘এক সময় সাধারণ সুতির শাড়িতে দিদিকে দেখতাম। কিন্তু আজ তৃণমূলের শাসনে দুর্নীতি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে। তৃণমূল এখন দুর্নীতির সমার্থক। আগামী দু'বছরের মধ্যেই বিজেপির হাত ধরে বাংলার পরিবর্তন হবে।’’

সুখেন্দু শেখর রায় বলেন, মোদী সরকারের উন্নয়নমূলক কাজ তাকে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। ১৫ জুলাই হবে মনোনয়নপত্র যাচাই, ১৭ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ ও গণনা হবে ২৪ জুলাই, পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনেই।

রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল প্রার্থী না দিলে এই তিনটি আসনেই বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে রাজ্যসভায় বিজেপির আসনসংখ্যা ১১৪ থেকে বেড়ে হবে ১১৭ এবং এনডিএ-র মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ১৫৫।

Comments :0

Login to leave a comment