AIESL Baby

বরখাস্ত কর্মীরা, চলছে আন্দোলন, এআইইএসএল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বেবির

জাতীয়

বিমান রক্ষণাবেক্ষণে নিযুক্ত কারিগরি সংস্থা এআইইএসএল’র কর্মীরা ধরনায়। আলোচনায় বসতে চাওয়ায় কর্মী ইউনিয়নের চার প্রতিনিধিকে বরখাস্ত করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার কর্তৃপক্ষ। পরিস্থিতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। 
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (এআইইএসএল)’র মেয়াদভিত্তিক নিযুক্ত কর্মীরা টানা অবস্থান-ধরনা চলছে।
আগে এআইইএসএল ছিল এয়ার ইন্ডিয়ার অনুসারী সংস্থা। এখন এই সংস্থা অসামরিক বিমাণ পরিবহণ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা। দিল্লি, মুম্বাই, চেন্নাই, নাগপুর এবং কলকাতায় এই সংস্থার কর্মীরা আন্দোলনে নেমেছেন। 
দেশের অসামরিক বিমান পরিবহণ এই সংস্থার কারিগরি পরিষেবার ওপর নির্ভর করে থাকে। বোয়িং থেকে এয়ারবাসের রক্ষণাবেক্ষণ, মেরামতি করেন এই সংস্থার কর্মী এবং ইঞ্জিনিয়াররা।
বেবি লিখেছেন, এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে নিযুক্ত এই দক্ষ কর্মীরা নিয়মিত কর্মীদের তিনভাগের একভাগ মাত্র বেতন পান। অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও রয়েছে এমনই বৈষম্য। 
বেবি প্রধানমন্ত্রীকে মনে করিয়েছেন যে এ মাসেরই ৮ তারিখ কেন্দ্রীয় সরকারের খসড়া মডেলে পরিষ্কার বলা হয়েছে যে মেয়াদ ভিত্তিক কর্মীরা নিয়মিত কর্মীদের সমান সুবিধা পাবেন।
বেবি বলেছেন, এই কর্মীদের ১২-১৪ ঘন্টা কাজ করতে হয়। ওভারটাইমে প্রতি ঘন্টায় দেওয়া হয় মাত্র ৮৫ টাকা। অথচ শ্রম কোডেই বলা হয়েছে মজুরির দ্বিগুন হবে ওভারটাইম। তিনি বলেছেন, সমস্যা না মিটিয়ে সংস্থা কর্তৃপক্ষ ভয় দেখাচ্ছে কর্মীদের। আলোচনা করতে চাওয়ায় ইউনিয়নের চার প্রতিনিধিকে বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে। তার বিরুদ্ধেই চলছে ধরনা। 
প্রধানমন্ত্রীকে বেবি হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেছেন, কেবল কর্মীদের ন্যায্য দাবিই নয়, এই সমস্যা সমাধানের ওপর নির্ভর করছে বিমানযাত্রীদের নিরাপত্তাও।

Comments :0

Login to leave a comment