অনিন্দিতা দত্ত ও দীপশুভ্র সান্যাল
ফের বিপর্যয় পাহাড়ে। বন্ধ রাস্তা। শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার রাতভর পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টির জেরে ফুঁসে উঠেছে বালাসন নদী। মাঝরাতে বালাসন নদীর জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতু।
টানা বর্ষণের জেরে ফের বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড়-সমতলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও পর্যটকেরা।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রবল বর্ষণে বালাসনের তোড়ে দুধিয়ার মূল সেতুটি ভেঙে পড়ে। এরপর প্রশাসনের উদ্যোগে অস্থায়ীভাবে হিউম পাইপ বসিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়। কিন্তু স্থায়ী সেতু নির্মাণের কাজ এখনও শুরু না হওয়ায় এলাকার মানুষকে ওই অস্থায়ী ব্যবস্থার উপরই নির্ভর করতে হচ্ছিল।
শুক্রবারের ঘটনায় ফের প্রশ্ন উঠেছে প্রশাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব নিয়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার বন্যা ও বর্ষণে সেতু ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানের দিকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষাতেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হলেও স্থানীয় মানুষের মতে, দুধিয়ায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণই এই সমস্যার একমাত্র সমাধান।
Comments :0