টানা বৃষ্টিতে জলমগ্ন পাহাড় ও সমতল। বৃষ্টির দাপটে নদী-নালা ফুঁসছে, বিপন্ন জনজীবন। দুর্যোগের কারণে খুব প্রয়োজন ছাড়া গৃহবন্দি সাধারণ মানুষ। তবে শুধু মানুষই নয়, জলস্তর বেড়ে বিপন্ন বন্যপ্রাণীরাও। এমন দুর্যোগপূর্ণ আবহে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরি লাইনের পাশে দুই দাঁতালের লড়াইয়ের বিরল দৃশ্য দেখা গেল।
মঙ্গলবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি চলছিল। সেই আবহে হঠাৎই লোকালয়ের কাছাকাছি দুই বিশালদেহী দাঁতালকে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা যায়। চা বাগানের ফ্যাক্টরি লাইনের পাশে এই দুই হাতির লড়াইয়ের দৃশ্য এক স্থানীয় বাসিন্দা ক্যামেরাবন্দি করেন।
দুর্যোগের দিনে হাতির এমন রোমহর্ষক লড়াইয়ের ছবি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, বৃষ্টির কারণে জঙ্গল লাগোয়া নদী-নালা ও ঝোরাগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের দিকে চলে আসছে। চা বাগান এলাকায় দুই দাঁতালের উপস্থিতিতে চা শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।বনকর্মীরা স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
Elephants
দুর্যোগপূর্ণ আবহে ডুয়ার্সে ক্যামেরাবন্দি দুই দাঁতালের লড়াই
×
Comments :0