জঙ্গলের বুক চিরে ছুটছিল ট্রেন। আর সেই পথেই হঠাৎ সামনে উপস্থিত এক দাঁতাল হাতি! এক মুহূর্তের মধ্যেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু চালকের সতর্কতায় প্রাণ বাঁচল হাতির। উত্তরবঙ্গের ডুয়ার্সে রেলপথে বন্যপ্রাণীর মৃত্যু রুখতে ফের মানবিকতার নজির গড়লেন দুই রেলচালক। শনিবার গভীর রাতে নাগরাকাটা ও চালসা স্টেশনের মধ্যবর্তী চাপরামারি জঙ্গল চেরা রেললাইনে তাঁদের তৎপরতায় প্রাণ রক্ষা পেল একটি বিশাল দাঁতাল হাতির।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডলোমাইট বোঝাই একটি মালগাড়ি দলগাঁও স্টেশন থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করছিল। ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটি যাওয়ার সময় হেডলাইটের আলোয় আচমকাই বিপজ্জনক দৃশ্য নজরে আসে। রেলের ৭০/১২ নম্বর পিলারের কাছে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে। হাতিটি এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মুহূর্তের মধ্যেই লোকো পাইলট মুকেশ কুমার ও সহকারী লোকো পাইলট ধ্রুবজ্যোতি সরকার ট্রেনের জরুরি ব্রেক কষেন। ভারী মালগাড়িটি বিকট শব্দে হাতিটির কয়েক হাত দূরত্বে এসে থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দাঁতালটি ধীরে ধীরে রেললাইন পার হয়ে নিরাপদ জঙ্গলে চলে যায়। তারপরই ট্রেনটি ফের গন্তব্যের পথে রওনা দেয়।
Elephant
রেলচালকদের তৎপরতায় রক্ষা দাঁতালের প্রাণ
×
Comments :0