Weather North Bengal

ভারি বর্ষণে বিপর্যস্ত পাহাড় ও সমতল, লাল সতর্কতা জারি

জেলা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ মেনেই শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভারি থেকে অতিভারি বৃষ্টিতে ভাসছে উত্তরের পাহাড় সহ পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়ি। টানা ভারি বর্ষণে বিপর্যস্ত পাহাড় ও সমতল। দার্জিলিঙ, কালিম্পঙ ও সমতলের শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন ধরেই রাতভর বৃষ্টি চলছে। ভারি বৃষ্টিতে মহানন্দা নদীর জলস্ফীতি ঘটেছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঝোরা, নদী ও উপনদীগুলির জল পাহাড়োর গা বেয়ে নেমে আসায় মহানন্দা ব্যরেজে জলের চাপ বেড়েছে। ফুলেফেঁপে উঠেছে মহানন্দা নদী। পরিস্থিতি বিবেচনা করে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে একাধিক লকগেট দফায় দফায় নির্দিষ্ট সময় অন্তর খুলে দেওয়া হচ্ছে সেচ দপ্তরের পক্ষ থেকে। লকগেট খুলে দিতেই প্রবল গতিতে মহানন্দার জল বইতে শুরু করেছে। গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হচ্ছে। বারংবার পরামর্শ দেওয়া হচ্ছে অযথা মহানন্দা ব্যারেজের সামনে ভিড় না জমানোর জন্য। 
সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, জলস্তর আরও বাড়লে সেই পরিস্থিতি সামাল দিতে ব্যারেজের অতিরিক্ত লকগেট খুলে দেবার জন্য আগাম প্রস্তুতি সাড়া হয়ে গেছে। যদিও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী সোমবার থেকে শুরু করে আগামী কয়েকদিন দার্জিলিঙ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ইতোমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস, নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং বৃষ্টিতে নীচু এলাকাগুলি প্লাবিত হবার প্রবল আশঙ্কা। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাষ থাকায় সেচ দপ্তর, জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Comments :0

Login to leave a comment