পারিবারিক বিবাদের জেরে ফের নৃশংস হত্যা কলকাতায়। দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ছোট্ট মেয়ের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছেন স্বামী। অভিযুক্ত স্বামীকে পালানোর সময় এলাকাবাসীরাই ধরে ফেলেন। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
কসবা বোসপুকুর এলাকায় রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিনোদ সিং এবং মৃত মহিলার নাম স্বপ্না সিং। পারিবারিক কলহের জেরেই এই খুন প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত প্রায়শই মত্ত অবস্থায় বাড়িতে ফিরতেন। এবং তার স্ত্রীয়ের থেকে টাকা চাইতেন। টাকা না দিলে স্ত্রীকে মারধরও করতেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার ভোররাতে তিনি মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। দরজায় ধাক্কা দেওয়ার পর তার মেয়ে দরজা খুলে দেয়। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী স্বপ্না। আচমকাই ধারালো অস্ত্র দিয়ে পেটে পরপর আঘাত করে অভিযুক্ত। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। রক্তাক্ত অবস্থায় স্বপ্না সিং চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সকাল ছয়টা নাগাদ কসবা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় অভিযুক্ত স্বামীকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Comments :0