Udayan Guha

উদয়নের হয়ে সওয়ালে ভয় আইনজীবীদের!

জেলা

থ্রেট কালচার ট্র্যাডিশন দিনহাটায়! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ’র হয়ে আদালতে সওয়াল করতে ভয় পাচ্ছেন দিনহাটার আইনজীবিরা! আইনজীবিরা থানায় দল বেঁধে গিয়ে অভিযোগ জানিয়েছেন ‘‘সমাজমাধ্যমে প্রাক্তন মন্ত্রীর হয়ে সওয়াল করা যাবে না! হুমকি পোষ্ট হচ্ছে’’। আইনজীবিরা বেশ কিছু হুমকি পোষ্টের স্ক্রীনশট দিনহাটা পুলিশের কাছে জমা দিয়েছেন বলে খবর! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার আদালতে তোলার কথা প্রাক্তন মন্ত্রীকে। তার ২৪ ঘন্টা আগেও প্রাক্তন মন্ত্রী নিশ্চিত নন তার হয়ে কোন আইনজীবি সওয়াল করবেন কিনা! 
দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সময়ে ‘‘আবাস দুর্নীতির’’ অভিযোগে দিনহাটা মহকুমা আদালতের বিচারকের রায়ে ৬ দিনের পুলিশী হেপাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী! বুধবার ফের তাকে আদালতে তোলা হবে! প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আদালতে হাজির করার ২৪ ঘন্টা আগে দিনহাটা আছে যেন দিনহাটাতেই! উদয়ন রাজত্বে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলেও যারা হামলার শিকার হয়েছিল তাদের হয়ে আদালতে দাঁড়ায় নি কোন আইনজীবিই। অভিযোগ ছিল উদয়নের সেনারা সে সময়ে হুমকি দিত আইনজীবিদের! এখন বিজেপি ক্ষমতায়। তবুও চলছে সেই থ্রেট কালচার।
৫ বছর পর দিনহাটার রাজনৈতিক ক্ষমতার ব্যাটন তৃণমূলের হাত থেকে বিজেপির কাছে গেছে। ‘‘থ্রেট কালচার’’ চলছে আগের মতই। আইনজীবিরা থানায় অভিযোগ দায়ের করে বলেছেন, তাঁরা সংবিধানের কাছে দায়বদ্ধ। যে কোন অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের হয়ে সওয়াল করাটা তাদের পেশা। আইনজীবিদের বক্তব্য, ‘‘আইনজীবিদের স্বাধীন সত্তা ও পেশাগত নিরাপত্তা প্রশ্নের মুখে।’’ আইনজীবিরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। 
উল্লেখ্য গত বৃহস্পতিবার কলকাতা থেকে দিনহাটার পুলিশ উদয়ন গুহকে গ্রেপ্তার করে দিনহাটায় এনে আদালতে হাজির করলেও সেদিন দিনহাটার কোন আইনজীবি তার হয়ে আদালতে সওয়াল করেন নি। প্রথমে প্রাক্তন মন্ত্রীর অনুগামীদের কাছে শোনা গিয়েছিল আইনজীবি কল্যান বন্দ্যোপাধ্যায় তার হয়ে মামলা লড়বেন। কিন্তু সেদিন তিনি আসেন নি। মামলায় সওয়াল করেন কোচবিহারের আইনজীবি অশোক দাস। ফের বুধবার প্রাক্তন মন্ত্রীর হয়ে কে শেষ অব্দি আদালতে সওয়াল করবেন সেটাই এখন দেখার। দিনহাটার আইনজীবিরা থানায় যে অভিযোগ করেছেন তাতে অভিযোগকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে স্পষ্ট কিছু না বললেও দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় মন্তব্য করেছেন, ‘‘উদয়ন গুহ-র বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক ক্ষোভ আছে। স্যোশাল মিডিয়ায় মানুষ নিজস্ব মতামত দিতেই পারেন। আমার এ বিষয়ে কিছু বলার নেই।’’
এদিকে আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রীকে হেপাজতে নেবার পর প্রতিদিনই দু থেকে তিনবার জেরা করছে পুলিশ। তথ্য প্রমান জোগাড়ে মরিয়া তদন্তকারীরা। উদয়ন গুহ যে সময়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময়ের একাধিক গুরুত্বপূর্ণ নথি পৌরসভা থেকে থানায় এনে খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ চলছে। সূ্ত্রের খবর উদয়ন ঘনিষ্ট কিছু পৌরকর্মীকেও বুধবারের আগে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

Comments :0

Login to leave a comment