মুক্তধারা
কবিতা
কিউশুর সেই ৯ই আগস্ট
গৌরী সেনগুপ্ত
৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
নিশ্চয়তা খুঁজে ফেরে আবছায়া
সে জঞ্জাল জমে আছে বুকের অলিন্দে
রক্তবীজ ঘুরে গেছে অকাতরে
শুধু সমবেত স্বরগুলো আর্তনাদ করে
সেই পিশাচ প্রবণতা ---
রক্তস্নানে গড়িয়ে দিতে আমাদের
ধ্বংসভূমির কান্নার রোল
আকাশের নীচে যা দাউদাউ করে
কোনো পাখি ওড়েনি সেদিন
শুধু অসীম শূন্যতায় নড়ে ওঠে প্রাণভিক্ষা করজোড়ে
মৃতদের ঠোঁট নাড়া ঈশ্বর প্রার্থনা
একা মৃত্যু নগ্ন হয়ে দাঁড়িয়েছে পথে
সূর্যাস্তের নীচে ছাইচাপা আগুনে নাগাসাকি ।
সময়ের হাত ধরে রাতের তিমির
মাকড়ের মতো জাল কাটে
কলুষ মেধায় পড়েছিল ফ্যাট ম্যান
কিউশুর লাশগুলো আঁকড়ে আছে নিঃসাড় গাছেদের ।
Comments :0