Assembly Election Bally

বালি: এত বড় মিছিল শেষ কবে, মনে করতে পারছেন না বাসিন্দারা

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বালিখাল থেকে লিলুয়া স্টেশন রোড পর্যন্ত পদযাত্রায় হাঁটছেন মীনাক্ষী মুখার্জি, শংকর মৈত্র।

শুভাশিস দেব সরকার

ষাটোর্ধ্ব বেলুড়বাসী নারায়ণ ঘোষ মনে করতে পারছেন না রাজ্যে পালাবদলের পর শেষ কবে বালি বেলুড়ের বুকে লাল ঝান্ডার এত বড় সুসজ্জিত মিছিল হয়েছে। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শুক্রবার মানুষ রাস্তায় নেমে যোগ দিল লাল ঝান্ডার এমনই মিছিলে। 
মিছিলে শুধুমাত্র পা মেলালেন নয়, লাল ঝান্ডা কাঁধে নিয়ে স্লোগানে গলা মেলালো জনতা। মিছিল যত এগিয়েছে মিছিলে মানুষের অংশগ্রহণ তত বেড়েছে। মিছিলের মুখ যখন বেলুড় বাজারে তখন মিছিলের শেষ ভাগ রয়েছে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে। যা থেকে স্পষ্ট, তৃণমূল জনবিচ্ছিন্ন। 
শুক্রবার বালি বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী শংকর মৈত্রের সমর্থনে বালিখাল থেকে লিলুয়া স্টেশন রোড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় পা মেলান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, প্রার্থী শংকর মৈত্র, যুব নেতা সরোজ দাস সহ নেতৃবৃন্দ। 
পদযাত্রায় শুরুতে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি, শংকর মৈত্র সহ নেতৃবৃন্দ। 
শেষ কবে বালি পৌরসভার নির্বাচনে ভোট দিয়েছেন বালি বেলুড়, লিলুয়া মানুষ, তা মনে করতেই পারছেন না বেলুড়বাসী নারায়ণ ঘোষ। একবার হাওড়া কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে আবার বাদ দিয়ে পরিচালিত হচ্ছে বালি পৌরসভা। বছরের পর বছর নিজেদের পছন্দের লোকদের প্রসাশক নিয়োগ করে পৌরসভা পরিচালিত করছে রাজ্য সরকার। বাংলার নবজাগরণের অন্যতম রূপকার অক্ষয় কুমার দত্তের স্মৃতি বিজড়িত বালি এখন জঞ্জালের শহরে পরিণত হয়েছে। নিয়মিত পরিষ্কার হয় না নালা নর্দমা, রাস্তার ধারে থাকে জঞ্জালের ভ্যাট। পরিশুদ্ধ পানীয় জল পান না বালি পৌরসভার নাগরিকেরা। ভেঙে ফেলা হচ্ছে বালির বিখ্যাত কেদারনাথ হাসপাতাল। পৌরসভা অঞ্চলে নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা না দিয়ে লিলুয়া সিলভার জুবলি হাসপাতাল, বেলুড় পতিতপাবন স্বাস্থ্য কেন্দ্র তুলে দিতে চলেছে বালি পৌরসভা। নাগরিকদের মতামতকে অগ্রাহ্য করে পৌরসভা পরিচালনা করছে রাজ্য সরকার, বলছেন নাগরিকরাই। 
মীনাক্ষী মুখার্জি বলেন রাজ্যের মানুষকে বাঁচাতে বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জয়ী হওয়া খুবই জরুরি। রাজ্যের মানুষের অধিকারের জন্য বামপন্থীদের জয় জরুরি। বামপন্থীরা লড়াই আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরে আসেনি। চরম দুর্নীতিগ্রন্থ তৃণমূল কংগ্রেস কে পরাজিত করে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment