রায়গঞ্জে গিয়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় কঠোর পদক্ষেপের পুরষ্কার দিয়েছিলেন প্রাক্তন তৃণমূলী বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঠিক দশ দিনের মাথায় রায়গঞ্জের কাছেই নাবালিকার ধর্ষণ-খুনের অভিযুক্তকে এনকাউন্টারে পুলিশ গুলি করে হত্যা করেছে। বিচার বহির্ভূত এহেন রাষ্ট্রীয় হত্যায় রীতিমতো উল্লসিত শুভেন্দু হত্যাকাণ্ডের অব্যবহিত পরেই মন্তব্য করেন পুলিশকে অস্ত্র দেওয়া হয়েছে পকেটে রাখার জন্য নয়। অর্থাৎ প্রকারান্তরে তিনি বুঝিয়ে দিয়েছেন অভিযুক্তকে ধরার আগেই গুলি করে খুন করে ফেলায় তিনি খুশি। পাশাপাশি এভাবে এনকাউন্টারে অভিযুক্তদের খুন করার জন্য তিনি যে পুলিশকে স্বাধীনতা দিয়েছেন সেটাও জোর গলায় ব্যক্ত করেছেন। বলেছেন ধর্ষণ, খুন, মাদক চালানকারী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’। কোনও অনুমতির দরকার নেই পুলিশ প্রয়োজন মনে করলে গুলি চালিয়ে খুন করতে পারবে। এই প্রশ্নে শুভেন্দুর অবস্থান আরও স্পষ্ট। ‘সকালে জমা, বিকেলে খরচ’। এটাই এনকাউন্টার রাজ যা শুভেন্দুরা এ রাজ্যে প্রতিষ্ঠা করতে চাইছেন। তদন্ত, তথ্য প্রমাণ জোগাড়, আদালতে বিচার ইত্যাদি কোনোকিছুর প্রয়োজন নেই। ধরো আর গুলি করে মেরে দাও। মারার জন্য একটা চিত্রনাট্য তৈরি করে নিলেই হলো। কে তদন্ত করে বার করবে এনকাউন্টারের সত্যিই প্রয়োজন ছিল কিনা অথবা আগে থেকে পরিকল্পনা করে খুনের ছক কষা হয়েছিল কি না। ডাবল ইঞ্জিনের দৌলতে সব তদন্ত সংস্থাই সরকার বা শাসকের নিয়ন্ত্রণে। যাকে দিয়ে বা যাদের দিয়েই তদন্ত হোক না কেন পুলিশের বয়াগানেই সিলমোহর পড়বে।
ধর্ষণ এবং খুনের মতো ভয়ঙ্কর পৈশাচিক অপরাধীদের কঠোরতম সাজা প্রত্যেকেই চান। সেই সাজা যত দ্রুত হয় ততই মানুষ খুশি হন। ঘটনার পরই মানুষের মনে যে প্রবল ঘৃণা ও ক্ষোভ তৈরি হয় তার তীব্রতা তাৎক্ষণিকভাবে এনকাউন্টার খুনের পক্ষে থাকে। তাছাড়া বছরের পর বছর ধরে বিচার প্রক্রিয়ায় মানুষ রীতিমতো হতাশা বোধ করেন। এমন পরিস্থিতিতে সকালে জমা বিকেলে খরচের নীতিতে অনেকেই খুশি হতে পারেন। কিন্তু পরে এরাই যখন গভীরে ভাবেন তখন ভিন্ন মত পোষণ করেন। মনে রাখতে হবে দেশটা মগের মুলুক নয়। সংবিধান ও আইন কানুনের চৌহদ্দির মধ্যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক অনুশাসনে কোনও ব্যক্তি, পদাধিকারী, সংস্থা, পক্ষ চরম ক্ষমতার অধিকারী নয়। সকলকেই নির্দিষ্ট নিয়ম ও বিধি অনুসরণ করে চলতে হয়। মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে নৈরাজ্য ও অরাজকতা তৈরি হতে বাধ্য। তেমনি পুলিশ, প্রশাসন এমনকি বিচার ব্যবস্থাও নির্দিষ্ট আইন ও বিধির আওতায় কাজ করে। সেখানেও কেউ আইনের উর্ধ্বে নয়। যা খুশি তাই করার অধিকার তাদের কারও নেই।
দেশের সংবিধান ও আইন কোনও মুখ্যমন্ত্রীকে সকালে জমা বিকেলে খরচের অধিকার দেয়নি। এমন কথা বলাও স্পষ্টত সংবিধান ও আইন ব্যবস্থার অবমাননা। রাষ্ট্রবাদী সরকারের ধ্বজা উড়িয়ে মুখ্যমন্ত্রী নিজেদের আইনের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করে যা খুশি তাই করার লাগামছাড়া হুঙ্কার দিচ্ছেন। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিচয় নয়। একদলীয় ও এক ব্যক্তির স্বৈরাচারী আস্ফালন। ফ্যাসিবাদের পদধ্বনিই এখানে স্পষ্ট।
এনকাউন্টারের প্রয়োজন হয় না তা নয়। কিন্তু তার ভাষ্য ও ব্যাখ্যায় যুক্তিগ্রাহ্যতা থাকতে হবে, সত্যতা ও সদিচ্ছার প্রকাশ ঘটতে হবে, বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। তা না হলে খুন করার সিদ্ধান্ত নিয়েই এনকাউন্টারের গল্প ফাঁদা হচ্ছে বলে ধরে নিতে হবে। তাছাড়া পুলিশকে যদি বিচার বহির্ভূত খুনের অবাধ অধিকার দেওয়া হয় তাহলে সেটা বাহিনীর শৃঙ্খলা ধ্বংস করে দিতে পারে। দেখা দেখি মানুষও আইন ও বিচার নিজেদের হাতে তুলে নেবার চেষ্টা করবে। সর্বোপরি বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা বাড়বে। পুলিশের মধ্যেও তদন্ত করে সত্য উদঘাটনের দক্ষতা ও দায়বদ্ধতা কমে যাবে। দেশ ও সমাজ এগোবে মধ্যযুগীয় বর্বরতার দিকে।
Copying Yogi Model
যোগী রাজের মিনি সংস্করণ
×
Comments :0