কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে হাইজ্যাকের হুমকি ঘিরে চাঞ্চল্য। মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাকের হুমকি লেখা বার্তা দেখতে পাওয়ার পরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা শুরু হয়।
সূত্রের খবর, উড়ানের প্রস্তুতি চলাকালীন বিমানের শৌচাগারের আয়নায় ওই হুমকির বার্তাটি নজরে আসে। বিষয়টি জানার পর বিমানের পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে খবর দেন।
এরপর বিমানটিকে সরিয়ে একটি পৃথক আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)-র জওয়ান এবং বিমানবন্দরের বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা তল্লাশি শুরু করেন। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও সন্দেহজনক বস্তু বা সামগ্রী রয়েছে কি না, তা নিশ্চিত করতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ-সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু করেছে। কে ওই হুমকির বার্তা লিখেছে এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের অংশ হিসেবে বিমানবন্দর চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিমানের ভিতরে থাকা ক্যামেরা বা অন্যান্য নজরদারি ব্যবস্থার ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হুমকির বার্তাটি কীভাবে বিমানের ভিতরে লেখা হল এবং সেটি আদৌ কোনও বাস্তব বিপদের ইঙ্গিত ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সাময়িকভাবে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
Threat message
কলকাতা বিমানবন্দরে হাইজ্যাকের হুমকি
×
Comments :0