Sandip Ghosh appears at ED office

দুর্নীতির মামলায় ইডি-র দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের

রাজ্য কলকাতা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মঙ্গলবার ইডি'র দপ্তরে হাজিরা দিয়েছেন, সরকারি এই প্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল বলে জানিয়েছেন ইডি-র এক আধিকারিক।
৯ আগস্ট, ২০২৪-এ আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ভেতরেই কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ। তখন সন্দীপ ঘোষই ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন।
ইডি-র আধিকারিকরা জানান, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে পাঠানো দ্বিতীয় তলবের প্রেক্ষিতে তিনি এদিন তাদের দপ্তরে হাজির হন। এর আগে, একটি নোটিশ পাওয়ার পর তিনি ইডি দপ্তরে উপস্থিত হওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন।
ইডি-র ওই আধিকারিক সংবাদসংস্থাকে বলেন, "আমরা হাসপাতালের হিসাব থেকে হওয়া আর্থিক লেনদেন এবং তহবিল সরানোর অভিযোগগুলো খতিয়ে দেখছি। এই মামলায় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও তদন্ত চলছে, নথিপত্র ও আর্থিক প্রমাণের পাশাপাশি তাঁর দেওয়া বয়ানও যাচাই করে দেখা হবে।"
ইডি প্রাথমিকভাবে তাঁকে ৪ নভেম্বর তলব করেছিল, কিন্তু সন্দীপ ঘোষ হাজির হননি। তখনই, তিনি তদন্তকারীদের কাছে চিঠি দিয়ে ১৫ দিনের সময় চেয়ে নিয়েছিলেন।
ওই অধিকর্তা জানিয়েছেন যে সন্দীপ ঘোষ আরও অনুরোধ করেছেন যে প্রয়োজনে যেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর ইডি একটি নতুন সমন জারি করে সন্দীপ ঘোষকে মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সন্দীপ ঘোষ তাঁর আইনজীবীর মাধ্যমে আরও সময় চেয়ে আবেদন জানালেও কেন্দ্রীয় সংস্থা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। তাঁকে নির্ধারিত সময়েই হাজিরা দিতে বলে।
কেন্দ্রীয় সংস্থাটির অভিযোগ, ঠিকাদার ও তাঁদের সহযোগীদের সঙ্গে লেনদেনের মাধ্যমে হাসপাতালের অ্যাকাউন্ট থেকে সুপরিকল্পিতভাবে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
ইডি আধিকারিকের বয়ান অনুযায়ী, ঠিকাদারদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে চেক ইস্যু করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই অর্থ তুলে নেওয়া হয় অথবা অন্য কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
ওই আধিকারিক আরও জানান, এই মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল এবং তিনি প্রায় দুই বছর ধরে হেপাজতে ছিলেন।
এর আগে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।
কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ১৮ আগস্ট সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ সময় ধরে কারাবাস এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির বিষয়টিকে সামনে রেখে গত ১৬ অক্টোবর শীর্ষ আদালত তাঁকে জামিন দেয়।
উল্লেখ্য, এই মামলায় ফেব্রুয়ারি মাসে ইডি একটি চার্জশিট দাখিল করেছিল, যেখানে সন্দীপ ঘোষকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment